জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আওতায় দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পুনর্নির্ধারণ করেছে সরকার। তবে নতুন এই বেতনকাঠামোর সুবিধা পাবেন না সরকারি চাকরিতে নিয়োজিত কয়েকটি শ্রেণির কর্মচারী। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এ এসব বিষয় উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বেতন স্কেল ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হিসেবে গণ্য হবে। তবে ধাপে ধাপে বাড়তি মূল বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা নতুন স্কেলে নির্ধারিত বর্ধিত মূল বেতনের পার্থক্যের ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৫০ শতাংশ পাবেন। তবে গেজেটে কয়েকটি শ্রেণির কর্মচারী ও শ্রমিককে নতুন বেতনকাঠামোর আওতাবহির্ভূত রাখা হয়েছে। ফলে এসব ব্যক্তি জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী বেতন-ভাতার সুবিধা পাবেন না। যেসব শ্রেণির কর্মচারী নতুন পে স্কেলের আওতায় থাকছেন না প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে নিয়োজিত ব্যক্তিরা নতুন বেতন স্কেলের আওতাভুক্ত নন। একইভাবে প্রতিরক্ষা প্রাক্কলন থেকে বেতন পাওয়া বেসামরিক কর্মচারীদের ব্যতিক্রম রেখে প্রতিরক্ষা সার্ভিসে নিয়োজিত কর্মচারীদেরও এ আদেশের বাইরে রাখা হয়েছে। এ ছাড়া পুলিশ বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) কর্মরত কর্মচারীরা নতুন পে স্কেলের সুবিধা পাবেন না। পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক (চাকরির শর্তাবলী) আইন, ২০১৮-এর ধারা ২-এর দফা (ঘ)-তে সংজ্ঞায়িত শ্রমিকদেরও এ আদেশের আওতামুক্ত রাখা হয়েছে।
নতুন বেতনকাঠামোর বাইরে থাকবেন শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) ও প্রশিক্ষণার্থী (ট্রেইনি) হিসেবে নিয়োজিত ব্যক্তিরা। পাশাপাশি আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মী, দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োগ নীতিমালা, ২০২৫-এর আওতায় নিয়োজিত শ্রমিক এবং চুক্তিভিত্তিক বা খণ্ডকালীন কর্মীরাও এ সুবিধা পাবেন না। অর্থাৎ, নতুন বেতন স্কেল সাধারণ সরকারি চাকরিজীবীদের জন্য প্রযোজ্য হলেও গেজেটে নির্দিষ্ট করে দেওয়া এসব শ্রেণির কর্মচারী ও শ্রমিক এর আওতার বাইরে থাকবেন। ধাপে ধাপে কার্যকর হবে নতুন বেতন স্কেল নতুন পে স্কেল অনুযায়ী বর্ধিত মূল বেতন একবারে শতভাগ কার্যকর হচ্ছে না। প্রজ্ঞাপনে নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মচারীরা বর্ধিত মূল বেতনের পার্থক্যের ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৫০ শতাংশ পাবেন। পরবর্তী ধাপে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মচারীরা বর্ধিত বেতনের পার্থক্যের ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৭৫ শতাংশ পাবেন। এরপর ২০২৭ সালের ১ জুলাই থেকে বার্ষিক বেতনবৃদ্ধি বা ইনক্রিমেন্টসহ নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী শতভাগ মূল বেতন কার্যকর হবে।
গেজেট প্রকাশের তারিখ ১৯ সেপ্টেম্বর হলেও নতুন বেতন স্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর বলে গণ্য হবে। ফলে ১ জুলাই থেকে গেজেট প্রকাশের আগ পর্যন্ত প্রাপ্য বর্ধিত বেতন বকেয়া হিসেবে পরিশোধের বিধান রাখা হয়েছে। তবে এ সময়ের বকেয়া হিসাবের ক্ষেত্রে আগে পাওয়া বিশেষ সুবিধার অর্থ সমন্বয় করা হবে। পেনশনভোগীদের ক্ষেত্রেও থাকছে ধাপে ধাপে সুবিধা নতুন বেতন স্কেলের আওতায় অবসরপ্রাপ্ত ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের জন্যও ধাপে ধাপে বর্ধিত নিট পেনশন দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, বিদ্যমান নিট পেনশন ২০ হাজার ১ টাকা বা তার বেশি হলে নতুন স্কেলে নির্ধারিত বর্ধিত নিট পেনশনের ৪০ শতাংশ এবং ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত হলে ৫০ শতাংশ ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেওয়া হবে। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত এই হার যথাক্রমে ৭০ ও ৭৫ শতাংশ হবে। এরপর ২০২৭ সালের ১ জুলাই থেকে জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী পূর্ণ হারে নিট পেনশন কার্যকর হবে। এ ছাড়া অবসরপ্রাপ্ত ও আজীবন পারিবারিক পেনশনভোগীরা ১ জুলাই ২০২৬ থেকে গেজেট প্রকাশের তারিখ পর্যন্ত সময়ের প্রাপ্য নিট পেনশনের বকেয়া অর্থ পাবেন।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩
নতুন পে স্কেলে বেতন পাবেন না যেসব সরকারি কর্মচারী
নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আওতার বাইরে থাকছেন পুলিশ, বিজিবিসহ কয়েকটি শ্রেণির কর্মচারী ও শ্রমিক। জেনে নিন কারা পাবেন না এ সুবিধা।
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০৭:১৬:৪২ অপরাহ্ন
- আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০৮:০০:০৪ অপরাহ্ন
- ৩ মিনিট পড়ার সময়
- ২৯ বার পঠিত
ছবি সংগৃহিত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর