পরাশক্তির ময়দান নয় মধ্যপ্রাচ্য
যুক্তরাষ্ট্র ও ইরানকে সামরিক সংঘাতের পথ ছেড়ে আলোচনায় ফেরার আহ্বান; আঞ্চলিক শান্তিতে আরব দেশগুলোর সঙ্গে কাজ করতে চায় চীন
- আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০৯:২৭:২৭ অপরাহ্ন
- আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০৯:২৭:২৭ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২৯ বার পঠিত
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্য ও পারস্য উপসাগরীয় অঞ্চলকে কোনো পরাশক্তির ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও সংঘাতের ময়দানে পরিণত করা উচিত নয় বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে অঞ্চলটিতে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আরব দেশগুলোর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) বেইজিংয়ে ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল-সাঈদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। ১৯৭৮ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর এটিই ওমানের কোনো রাষ্ট্রপ্রধানের প্রথম চীন সফর।
বৈঠকে শি জিনপিং বলেন, মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষের যৌথ প্রচেষ্টা প্রয়োজন। আঞ্চলিক নিরাপত্তা সংকট নিরসনে চীন তার অভিজ্ঞতা ও কূটনৈতিক উদ্যোগ কাজে লাগাতে প্রস্তুত বলেও জানান তিনি।
বৈঠক শেষে চীন ও ওমানের প্রকাশিত ২০ দফা যৌথ বিবৃতিতে হরমুজ প্রণালিতে স্বাভাবিক ও নিরাপদ নৌচলাচল পুনরায় চালুর ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানকে সামরিক সংঘাতের পরিবর্তে শান্তিপূর্ণ সমাধানের পথ বেছে নেওয়া, জুনে স্বাক্ষরিত চুক্তিতে ফিরে যাওয়া এবং সংলাপ শুরু করার আহ্বান জানানো হয়।
এদিকে সংকট নিরসনে চীনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত ঝাই জুন চলতি মাসে ইরান, ওমান ও সৌদি আরব সফর করবেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও চীনের ভূরাজনৈতিক স্বার্থ এবং আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা-উদ্বেগের প্রেক্ষাপটে শি জিনপিংয়ের এই বক্তব্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে হরমুজ প্রণালিতে অস্থিরতা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে প্রভাব ফেলছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।