বিগত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ‘ছেলেখেলা’ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, এর ফলে জাতির মেরুদণ্ড দুর্বল হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, তখন শিক্ষাব্যবস্থার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থাকে এমনভাবে পরিচালনা করা হয়েছে, যাতে বাংলাদেশ প্রযুক্তিগত দিক থেকে বিশ্ব প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। তাঁর অভিযোগ, শিক্ষা খাতের প্রতি যথাযথ গুরুত্ব না দেওয়ার কারণে এর নেতিবাচক প্রভাব শিক্ষার্থী ও জাতির ওপর পড়েছে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে শিক্ষাব্যবস্থার উন্নয়নের পাশাপাশি নারীর ক্ষমতায়নেও গুরুত্ব দেওয়া হয়েছে। নারীদের শিক্ষার সুযোগ বাড়াতে অবৈতনিক শিক্ষার ওপর জোর দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।
রিজভী আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রণোদনা ও প্রয়োজনীয় সুযোগ নিশ্চিত করা জরুরি। শিক্ষা খাতে পর্যাপ্ত সহায়তা ও বিনিয়োগ না থাকলে কোনো জাতির কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়। একই সঙ্গে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলার প্রয়োজন রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।