সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করানোর পর এক বাবা নিজেও বিষপান করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে মাওয়া আক্তার (১০), শামিম মিয়া (৭) ও তামিম মিয়া (২) নামে তিন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের বাবা সরফত আলীকে (৩৫) সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত শিশুদের মা ফাতেমা বেগম তিন দিন আগে সৌদি আরবে যান। এরপর পারিবারিক কলহ বাড়তে থাকে। এরই মধ্যে রাতের কোনো এক সময়ে সরফত আলী তিন সন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেন বলে স্থানীয়দের দাবি।
সকালে বিষয়টি জানতে পেরে প্রতিবেশী ও স্বজনরা তাদের উদ্ধার করে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তিন শিশুকে মৃত ঘোষণা করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় সরফত আলীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক হোসাইন মোহাম্মদ আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন শিশুর মরদেহ দেখতে পায়। গুরুতর আহত বাবাকে স্বজনরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেছেন।
ঘটনার কারণ ও পারিবারিক কলহের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।