দেশের অধিকাংশ প্রধান নদ-নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও উত্তরাঞ্চলের তিস্তাসহ কয়েকটি নদী অববাহিকায় পানির উচ্চতা বাড়তে পারে। আগামী কয়েক দিন উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল এবং উজান এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় তিস্তা নদীর পানি বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর পান্থপথে পানি ভবনে অবস্থিত বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত নিয়মিত পর্যালোচনা বুলেটিনে দেশের নদ-নদীর সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হয়।
বুলেটিন অনুযায়ী, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল এবং এর সংলগ্ন উজান এলাকায় আগামী দুই দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে বিশেষ করে উত্তরাঞ্চলের কয়েকটি নদীর পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে তিস্তা নদীর পানি আগামী তিন দিন পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
অন্যদিকে দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি সমতল বর্তমানে মোটামুটি স্থিতিশীল রয়েছে। সুরমা ও কুশিয়ারাসহ ওই অঞ্চলের অন্যান্য নদ-নদীর পানিও বিপৎসীমার বেশ নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নিয়মিত পর্যবেক্ষণে দেখা গেছে, ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা নদীর পানি বর্তমানে কমছে। আগামী কয়েক দিন এসব নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।
তবে উজান ও দেশের উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় তিস্তায় পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি বিপৎসীমার নিচে থাকায় আপাতত বড় ধরনের আকস্মিক বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে স্থানীয়ভাবে বৃষ্টিপাতের কারণে নিম্নাঞ্চল ও নদীতীরবর্তী এলাকাগুলোতে পানির স্তরে কিছুটা ওঠানামা হতে পারে।