বুধবার নিউইয়র্কে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজের আয়োজনে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার এবং মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিতা অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়েও সম্মত হন। এর মধ্যে চলতি বছরের শেষ নাগাদ বিনিয়োগ সুরক্ষা এবং দ্বৈত কর আরোপ প্রতিরোধ—এই দুটি চুক্তি সম্পন্ন করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের মিশন তিন দেশের পক্ষ থেকে দেয়া এক যৌথ বিবৃতিতে জানায়, মরক্কো ও ইসরায়েলের মধ্যে পূর্ণাঙ্গ, শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা উভয় দেশের অভিন্ন স্বার্থে এবং এটি শান্তির অগ্রযাত্রাকে এগিয়ে নেবে।
দুই পক্ষ সরাসরি বিমান চলাচলও বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে। এর মধ্যে উভয় দেশের বিমান পরিবহন সংস্থাগুলোর পরিচালিত সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার বিষয়টিও রয়েছে। পাশাপাশি, আগামী কয়েক মাসের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক সফরের পরিকল্পনাও তারা নিশ্চিত করেছে।
এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন এর ঠিক এক দিন আগে আব্রাহাম অ্যাকর্ডসের ষষ্ঠ বার্ষিকী পালিত হয়েছে। উদ্যোগটি ২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে শুরু করেছিলেন। এর আওতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো, সুদান ও কাজাখস্তান এই চুক্তিতে যোগ দিয়েছিল।