সিলেটের গোলাপগঞ্জে নিখোঁজের একদিন পর আসিদ আলী (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের একটি খেত থেকে ঘাসে ঢাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
আসিদ আলী বাগিরঘাট গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি তিন ছেলে ও তিন মেয়ের জনক।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় বুধবারীবাজারে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন আসিদ আলী। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। পরে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে তার সন্ধান চেয়ে সহযোগিতা কামনা করা হয়।
নিখোঁজের খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার এসআই সজল চন্দ্র দাশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে মঙ্গলবার বিকেলে বাড়ির পাশের একটি খেতে ঘাস দিয়ে ঢাকা অবস্থায় আসিদ আলীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার ওসি ছবেদ আলী, এসআই সজল চন্দ্র দাশসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের অভিযোগ, আসিদ আলীকে হত্যা করে মরদেহ খেতে ফেলে ঘাস দিয়ে ঢেকে রাখা হয়ে থাকতে পারে। তবে এটি হত্যাকাণ্ড কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি ছবেদ আলী বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।