ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সাংবাদিকদের নিয়ে মন্তব্য, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ শুধু আইনে সড়ক নিরাপদ হবে না, প্রয়োজন কার্যকর প্রয়োগ: ইলিয়াস কাঞ্চন টঙ্গীতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার দিল্লি এড়িয়ে রুবিওর ভারত সফর, বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ ৯৭ শতাংশ কাজ শেষ, তবু বাতিল বিআরটি প্রকল্প রাজধানীর যানজট নিরসনে সরকারের চার বড় উদ্যোগ ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ সরকার লাওসে চীনের নতুন সামরিক ঘাঁটি, বাড়ছে আঞ্চলিক উদ্বেগ সোনা-হীরা চোরাচালান মামলায় দিলীপ আগরওয়ালার এক দিনের রিমান্ড হাইকোর্টে অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ও উদ্ধার মহড়া

ফের কালো তালিকায় ইসরায়েলি সেনাবাহিনী, কঠোর অবস্থানে জাতিসংঘ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ১০:২০:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ১০:২০:৪৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৫ বার পঠিত
ফের কালো তালিকায় ইসরায়েলি সেনাবাহিনী, কঠোর অবস্থানে জাতিসংঘ ছবি: সংগৃহীত
শিশুদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে টানা তৃতীয় বছরের মতো দখলদার ইসরায়েলি সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী শিশুদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর লঙ্ঘনের ঘটনা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে, যার সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে।
 
বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, প্রকাশের অপেক্ষায় থাকা জাতিসংঘের একটি প্রতিবেদন তাদের হাতে এসেছে। ২০২৫ সালের তথ্যভিত্তিক ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শিশুদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এ বছর নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে। ২০২৫ সালে ২৪ হাজার ১৭৪ জন শিশুর বিরুদ্ধে মোট ৩৮ হাজার ৫৫৮টি গুরুতর লঙ্ঘনের ঘটনা যাচাই করেছে জাতিসংঘ। আক্রান্ত শিশুদের মধ্যে ১৫ হাজার ৪৯৩ জন ছেলে, ৭ হাজার ৯৯০ জন মেয়ে এবং ৬৯১ জনের লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়নি।
 
জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, গত ৩০ বছরের ইতিহাসে এই প্রথম শিশুদের বিরুদ্ধে গুরুতর লঙ্ঘনের জন্য সবচেয়ে বেশি দায়ী পক্ষ হিসেবে সরকারি বাহিনীগুলো চিহ্নিত হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, সরকারি বাহিনীগুলোর মধ্যে শিশুদের বিরুদ্ধে গুরুতর লঙ্ঘনের ঘটনায় শীর্ষ অবস্থানে রয়েছে ইসরায়েলি সরকার, আর দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া।
 
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগের বছরের তুলনায় শিশু নিহত হওয়ার ঘটনা ৩৪ শতাংশ এবং আহত হওয়ার ঘটনা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যাচাইকৃত গুরুতর লঙ্ঘনের মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে, যেখানে এ ধরনের ঘটনার সংখ্যা ১২ হাজার ৪৪৫। এর বাইরে কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্রে ৪ হাজার ১১৪টি, নাইজেরিয়ায় ২ হাজার ৫৬০টি, মিয়ানমারে ২ হাজার ২০৩টি এবং সোমালিয়ায় ২ হাজার ১৯৫টি ঘটনা নথিভুক্ত হয়েছে।
 
তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ৬ হাজার ২৬৬ শিশু নিহত হয়েছে, ৭ হাজার ৯৫৮ জন আহত হয়েছে, ৬ হাজার ৬০৭ জনকে সশস্ত্র গোষ্ঠীতে নিয়োগ দেওয়া হয়েছে, ৮ হাজার ৩২২ জন মানবিক সহায়তা থেকে বঞ্চিত হয়েছে এবং ৪ হাজার ৫৭৩ জন শিশুকে অপহরণ করা হয়েছে।
 
প্রতিবেদনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও ইসরায়েলে শিশুদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর লঙ্ঘনের ব্যাপকতা তাকে গভীরভাবে মর্মাহত করেছে। তিনি জানান, গাজা উপত্যকায় চলমান গুরুতর লঙ্ঘনের ঘটনায় তিনি স্তম্ভিত এবং একই সঙ্গে পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতা তাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে।
 
গুতেরেস আরও বলেন, ইসরায়েলি দখলদারদের হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। পাশাপাশি এসব লঙ্ঘনের ঘটনায় দায়ীদের জবাবদিহির অভাব নিয়েও তিনি সমালোচনা করেন। সূত্র: আনাদোলু।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।