রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামে তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিলের আহ্বান ড. ইউনূসের
- আপলোড সময় : ১৩-১০-২০২৫ ১০:৪৭:৫৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৩-১০-২০২৫ ১০:৪৭:৫৪ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩৭ বার পঠিত
ছবি সংগৃহীত
রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামে তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার আইএফএড প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন।
বৈঠকে ড. ইউনূস বলেন, এই তহবিল তরুণ প্রজন্মকে কৃষি, স্বাস্থ্য ও উদ্যোক্তা কার্যক্রমে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সামাজিক ব্যবসার মডেল অনুসরণ করে তারা শুধু নিজেদের জীবিকা নয়, সমাজের সার্বিক উন্নয়নেও অবদান রাখতে পারবে।
এ সময় দুই পক্ষের মধ্যে গভীর সমুদ্র মৎস্য আহরণ, আম ও কাঁঠাল রফতানি, জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি এবং দুগ্ধ শিল্পে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।
আইএফএড প্রেসিডেন্ট লারিও বাংলাদেশে সামাজিক ব্যবসা উদ্যোগে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন এবং ড. ইউনূসের প্রস্তাবকে স্বাগত জানান।
উল্লেখ্য, রোববার ওয়ার্ল্ড ফুড ফোরাম বৈঠকে যোগ দিতে ইতালির রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা। এ সময় তাকে স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ. টি. এম. রকিবুল হক। এবারের ফোরাম চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।