নেত্রকোণায় তিন দিনব্যাপী সবাহী মক্তবের মুয়াল্লিম প্রশিক্ষণ সম্পন্ন
ইসলামী দাওয়াহ ইনস্টিটিউট ও ইসলামিক অনলাইন মাদরাসার তত্ত্বাবধানে মাদরাসাতুদ দাওয়াহ নেত্রকোণায় আয়োজিত প্রশিক্ষণ কোর্সে ৩০ জনের অধিক মুয়াল্লিম অংশ নেন
- আপলোড সময় : ১২-১১-২০২৬ ১১:১৯:৫৪ অপরাহ্ন
- আপডেট সময় : ১২-১১-২০২৬ ১১:১৯:৫৪ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪২ বার পঠিত
ছবি: প্রতিনিধি
নেত্রকোণায় তিন দিনব্যাপী সবাহী মক্তবের মুয়াল্লিম প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১০ থেকে ১২ নভেম্বর ২০২৬ পর্যন্ত জেলার সদর উপজেলার রামপুর নয়াপাড়ায় মাদরাসাতুদ দাওয়াহ নেত্রকোণায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে ৩০ জনের অধিক মুয়াল্লিম অংশগ্রহণ করেন।
ইসলামী দাওয়াহ ইনস্টিটিউট ও ইসলামিক অনলাইন মাদরাসার তত্ত্বাবধানে প্রশিক্ষণটি পরিচালিত হয়। প্রতিষ্ঠান দুটির পরিচালক মুফতি যুবায়ের আহমদ হাফিজাহুল্লাহর উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল সবাহী মক্তব শিক্ষাকে আরও সুশৃঙ্খল, মানসম্মত ও প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় নিয়ে আসা।
প্রশিক্ষণে মক্তব পরিচালনার বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে ছিল শ্রেণিভিত্তিক পাঠ্যক্রম ও শিক্ষাস্তর বিন্যাস, ভর্তি ও নিবন্ধন প্রক্রিয়া, অভিন্ন পোশাকবিধি, নিয়মিত পাঠদান, সেমিস্টারভিত্তিক পরীক্ষা ও মূল্যায়ন, শিক্ষার্থীদের অগ্রগতি পর্যবেক্ষণ এবং সামগ্রিক একাডেমিক ব্যবস্থাপনা।
প্রশিক্ষণ পরিচালনা করেন ইসলামী দাওয়াহ ইনস্টিটিউট ও ইসলামিক অনলাইন মাদরাসার শিক্ষক মাওলানা মুস্তাফিজ সালমান। এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার মক্তব পরিদর্শক মুফতি তোফায়েল আহমাদ এবং দাঈ মুফতি আবদুল্লাহ মাসুম হাফিজাহুল্লাহ।
আয়োজকদের প্রত্যাশা, এ প্রশিক্ষণের মাধ্যমে জেলার সবাহী মক্তবগুলোর পাঠদান পদ্ধতি ও ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি শিশুদের কুরআন শিক্ষা, ঈমানি ভিত্তি ও নৈতিক চরিত্র গঠনে মক্তবগুলো আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
প্রশিক্ষণটির আয়োজন ও বাস্তবায়নে ছিল মাদরাসাতুদ দাওয়াহ নেত্রকোণা (দাওয়াহ মাদরাসা), রামপুর নয়াপাড়া, সদর, নেত্রকোণা।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।