ঝিনাইদহে আমির হামজার কোরআন মাহফিলের অনুমতি মেলেনি
ঝিনাইদহের কালীগঞ্জে সংসদ সদস্য মুফতি আমির হামজার পূর্বঘোষিত তাফসিরুল কুরআন মাহফিলে প্রশাসনের অনুমতি না মিললেও একই সময়ে ‘সচেতন নাগরিক’ ব্যানারে পাল্টা সমাবেশের ঘোষণায় এলাকায় বাড়ছে সংঘাতের শঙ্কা
- আপলোড সময় : ১২-১১-২০২৬ ১১:৩৯:২৯ অপরাহ্ন
- আপডেট সময় : ১২-১১-২০২৬ ১১:৩৯:২৯ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩৬ বার পঠিত
ছবি: সংগৃহীত
ঝিনাইদহের কালীগঞ্জে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও কুষ্টিয়া - ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার পূর্বঘোষিত তাফসিরুল কুরআন মাহফিল ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মাহফিল আয়োজনের অনুমতি না দেওয়ার পাশাপাশি আয়োজকদের অনুষ্ঠান থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। এর মধ্যেই একই দিন, একই সময়ে এবং একই মাঠে ‘সচেতন নাগরিক’ ব্যানারে মাদকবিরোধী সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। ফলে ওয়াজ মাহফিলটি বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে পাল্টা কর্মসূচি দেওয়া হয়েছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন ও ক্ষোভ দেখা দিয়েছে।
আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদরাসার উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা। মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিবের।
স্থানীয় একটি অংশের দাবি, একটি মহল এই ওয়াজ মাহফিল আয়োজন করতে না দেওয়ার উদ্দেশ্যে ‘সচেতন নাগরিক’ ব্যানারে একই মাঠে একই সময়ে মাদকবিরোধী সমাবেশের আয়োজন করেছে। আয়োজক কমিটির পক্ষ থেকেও শুক্রবার বিকেল ৩টায় ওই মাঠে সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়েছে।
অন্যদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে মাহফিলের অনুমতি না দেওয়া এবং আয়োজন থেকে বিরত থাকার নির্দেশনার বিষয়টি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। একটি পূর্বঘোষিত ধর্মীয় মাহফিলের ক্ষেত্রে প্রশাসনের এমন অবস্থান কেন—তা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা। একই মাঠে, একই সময়ে পাল্টা কর্মসূচির ঘোষণা আসার পর প্রশাসনের ভূমিকা নিয়েও নানা আলোচনা তৈরি হয়েছে।
কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ❝আইন শৃঙ্খলার অবনতি হতে পারে এই শঙ্কায় অমুমতি দিতে পারেনি জেলা প্রশাসন।❞
বিশেষ করে, মাহফিলে দুটি সংসদীয় আসনের সংসদ সদস্যের উপস্থিত থাকার কথা রয়েছে। এমন পরিস্থিতিতে সংসদ সদস্যদের নিরাপত্তা, পুলিশি প্রটোকল এবং একই স্থানে দুটি কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ করা হবে, তা নিয়েও উদ্বেগ রয়েছে।
স্থানীয়দের প্রশ্ন, একটি ধর্মীয় মাহফিল আয়োজনের ক্ষেত্রে প্রশাসনিক বাধা কেন? আর মাহফিলের নির্ধারিত সময় ও স্থানেই মাদকবিরোধী সমাবেশ আয়োজনের ঘোষণা দেওয়ার পেছনে প্রকৃত উদ্দেশ্য কী?
মাদকবিরোধী কর্মসূচির নামে কোনো ধর্মীয় আয়োজন বাধাগ্রস্ত করার চেষ্টা হলে তা নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক।
এখন দেখার বিষয়, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এ বিষয়ে কী পদক্ষেপ নেয় এবং পূর্বঘোষিত ওয়াজ মাহফিলটি নির্বিঘ্নে আয়োজনের সুযোগ দেওয়া হয় কি না।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।