ব্যাটারিচালিত অটোরিকশা নিবন্ধনে লাগবে ৫ ধরনের কাগজপত্র
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিবন্ধন কার্যক্রমে আবেদনকারীদের জন্য প্রয়োজনীয় নথির তালিকা প্রকাশ
- আপলোড সময় : ০৪-১১-২০২৬ ০৩:১০:০৯ অপরাহ্ন
- আপডেট সময় : ০৪-১১-২০২৬ ০৩:১০:০৯ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২৯ বার পঠিত
ছবি: সংগৃহীত
ব্যাটারিচালিত অটোরিকশার বিশৃঙ্খল চলাচল নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে নিবন্ধন প্রক্রিয়া চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ কার্যক্রমের আওতায় অটোরিকশা নিবন্ধন করতে আবেদনকারীদের নির্ধারিত পাঁচটি কাগজপত্র জমা দিতে হবে।
সম্প্রতি ডিএসসিসির প্রকাশিত একটি সচেতনতামূলক পোস্টারে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা তুলে ধরা হয়েছে। সেগুলো হলো—
1. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সত্যায়িত অনুলিপি।
2. সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
3. নির্ধারিত ফি জমার মূল রসিদ বা ব্যাংক ডিপোজিট স্লিপ।
4. নির্ধারিত ছকে প্রস্তুত করা ফিটনেস সার্টিফিকেট।
5. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত প্রযুক্তিগত ও নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী টেকনিক্যাল ক্লিয়ারেন্স।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, নিবন্ধন ছাড়া কোনো ব্যাটারিচালিত অটোরিকশা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় চলাচল করতে পারবে না। নিবন্ধিত প্রতিটি অটোরিকশার জন্য আলাদা নম্বর বরাদ্দ করা হবে। এর মাধ্যমে যানবাহন শনাক্ত করা সহজ হবে এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা বাড়বে বলে আশা করছে সংস্থাটি।
নিবন্ধন প্রক্রিয়া ও প্রয়োজনীয় শর্ত সম্পর্কে বিস্তারিত তথ্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগ বা ওয়েবসাইট থেকে জানা যাবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।