বিওএর নির্বাহী কমিটি থেকে ছয়জনের পদত্যাগ
দুই দিনে ছয়জনের সরে দাঁড়ানো, চলতি মাসে বৈঠকে সিদ্ধান্ত নেবে বিওএ
- আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০১:২৫:৩৯ অপরাহ্ন
- আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০১:২৫:৩৯ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২০ বার পঠিত
সংগৃহীত ছবি
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ৩৭ সদস্যের নির্বাহী কমিটি থেকে দুই দিনে পদত্যাগ করেছেন ছয়জন। মঙ্গলবার তিনজনের পর বুধবার (১৪ অক্টোবর) আরও তিনজন পদত্যাগ করেন। পদত্যাগের এই ধারাবাহিকতায় ক্রীড়াঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার আরও কয়েকজন পদত্যাগ করতে পারেন বলেও গুঞ্জন রয়েছে।
বিওএর মহাসচিব জোবায়েদুর রহমান রানা জানিয়েছেন, হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এবং রোয়িং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলমের পদত্যাগপত্র তাঁর হাতে পৌঁছেছে। এ ছাড়া বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খান বিওএর উপমহাসচিবের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। পদত্যাগকারীরা ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।
এ পর্যন্ত বিওএর নির্বাহী কমিটি থেকে পদত্যাগ করা ছয়জনের মধ্যে চারজন সদস্য, একজন সহসভাপতি ও একজন উপমহাসচিব রয়েছেন।
এ বিষয়ে মহাসচিব জোবায়েদুর রহমান রানা বলেন, পদত্যাগ করা প্রত্যেকের সিদ্ধান্তই ব্যক্তিগত এবং এটি তাঁদের অধিকার। জমা পড়া পদত্যাগপত্রগুলো নির্বাহী কমিটির সভায় উপস্থাপন করা হবে।
চলতি মাসেই বিওএর নির্বাহী কমিটির বৈঠক হতে পারে। ওই সভায় পদত্যাগপত্র এবং পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এশিয়ান গেমসে বাংলাদেশের পদকপ্রাপ্তি ও পারফরম্যান্স নিয়ে যখন ক্রীড়াঙ্গনে আলোচনা চলছে, তখন বিওএর নির্বাহী কমিটি থেকে একের পর এক পদত্যাগের ঘটনা সংগঠনটির অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।