রংপুরের পীরগাছায় ছেলের ছুরিকাঘাতে মাহাবুর হোসেন ওরফে মহুবর (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চর তাম্বুলপুর ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহাবুর হোসেন ওই এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক।
স্থানীয় ও নিহতের পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, ছেলে হাসানুর রহমানের সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজনের সম্পর্ক ভালো ছিল না। শুক্রবার বিকেলে হাসানুরের শাশুড়িসহ কয়েকজন তাদের বাড়িতে আসেন। বিষয়টি মীমাংসার জন্য বৈঠক বসলে একপর্যায়ে হাসানুর তার শাশুড়িকে অসম্মান করেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে ছেলের আচরণে ক্ষুব্ধ হয়ে বাবা মাহাবুর তাকে থাপ্পড় দেন। এতে ক্ষিপ্ত হয়ে হাসানুর পাশে থাকা একটি ছুরি দিয়ে বাবার বুকে আঘাত করেন বলে পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান।
গুরুতর আহত অবস্থায় মাহাবুরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পীরগাছা থানার ওসি সেলিম মালিক বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।