ঢাকা মহানগর পুলিশের ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ লাইন্স থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির ডিসি মিডিয়া মো. আকতার হোসেন।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে ক্যান্টনমেন্ট থানায় রাকিবুল হাসানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার তদন্ত এবং ঘটনার পেছনের বিষয়গুলো জানতে তাকে সাত দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হয়েছে।
এর আগে ১৭ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার তৎকালীন ওসি মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়। পরে তাকে প্রশাসনিক কারণে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়।
ছড়িয়ে পড়া ওই অডিওতে সরকার, প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে বিভিন্ন মন্তব্য শোনা যায়। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও মন্তব্য ছিল বলে জানা যায়। অডিওটি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়।
ঘটনাটি তদন্তে ডিএমপি তিন সদস্যের একটি কমিটি গঠন করে। তদন্ত সংশ্লিষ্টরা জানান, অডিও রেকর্ডটি নিয়ে রাকিবুলকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের দাবি, প্রাথমিকভাবে অডিওটি রাকিবুলের বলে নিশ্চিত হওয়া গেছে।