মেঘলা দিনের আবহে অনেকেরই ইচ্ছা করে গরম চা কিংবা কফির সঙ্গে মুখরোচক কিছু খেতে। এমন সময়ে সহজ উপকরণে তৈরি ডিম-আলুর চপ হতে পারে পরিবারের সবার জন্য একটি সুস্বাদু নাস্তা। বাইরে থেকে কিনে আনার পরিবর্তে ঘরেই স্বাস্থ্যসম্মত উপায়ে এই খাবার তৈরি করা সম্ভব।
ডিম-আলুর চপ তৈরির জন্য প্রয়োজন হবে:
- সেদ্ধ আলু
- সেদ্ধ ডিম
- কাঁচামরিচ কুচি
- পেঁয়াজ কুচি
- ধনেপাতা কুচি
- লবণ
- গোলমরিচ গুঁড়া
- ব্রেডক্রাম্ব
- ভাজার জন্য তেল
প্রথমে সেদ্ধ আলু ভালোভাবে চটকে নিতে হবে। এরপর এতে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, লবণ ও গোলমরিচ মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। সেদ্ধ ডিমগুলো অর্ধেক করে কেটে আলুর মিশ্রণ দিয়ে চারপাশ ভালোভাবে মুড়িয়ে চপের আকার দিতে হবে।
এরপর চপগুলো ফেটানো ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিতে হবে। একটি প্যানে পর্যাপ্ত তেল গরম করে মাঝারি আঁচে চপগুলো সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে।
গরম গরম ডিম-আলুর চপ টমেটো সস, চাটনি বা এক কাপ চায়ের সঙ্গে পরিবেশন করা যেতে পারে। মেঘলা দিনের আরামদায়ক পরিবেশে এই সহজ নাস্তা পারিবারিক মজলিসকে আরও উপভোগ্য করে তুলতে পারে।