সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের ত্রিমুখী প্রতিরক্ষা জোট ‘মক্কা প্যাক্ট’-এর সচিবালয়ের প্রথম মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক হ্যান্ডআউটে বলা হয়েছে, মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্টের আওতায় প্রথম মহাসচিব হিসেবে নোমান মাহমুদকে নিয়োগ দেওয়ায় সরকার সন্তুষ্ট। রিয়াদে প্রতিষ্ঠিত হতে যাওয়া জোটের সাধারণ সচিবালয়ের নেতৃত্ব দেবেন তিনি।
গত আগস্টে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্টে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে পৃথক একটি দ্বিপক্ষীয় পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই হয়েছিল।
বেলুচ রেজিমেন্টের কর্মকর্তা নোমান মাহমুদ ২০১৯ সালের এপ্রিলে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত হন। এর আগে তিনি ইসলামাবাদের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির ৩৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। উত্তর ওয়াজিরিস্তানে একটি ইনফ্যান্ট্রি ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং হিসেবেও দায়িত্বে ছিলেন তিনি।
মেজর জেনারেল পদে থাকাকালে নোমান মাহমুদ ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) অ্যানালাইসিস উইংয়ের মহাপরিচালক ছিলেন। পরে রাওয়ালপিন্ডিতে পাকিস্তান আর্মির জেনারেল হেডকোয়ার্টার্সে কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি শাখার ইন্সপেক্টর-জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের ২৩ নভেম্বর পর্যন্ত তিনি একাদশ কোরের কমান্ডার ছিলেন। ২০২১ সালের নভেম্বরে তার স্থলাভিষিক্ত হন লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদ।