ইয়েমেনের উত্তর-পূর্বাঞ্চলীয় মারিব প্রদেশে সরকারি বাহিনী ও ইরান সমর্থিত হুথিদের মধ্যে তীব্র সংঘর্ষে ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজকে ইয়েমেনি সেনাবাহিনীর মিডিয়া বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া আল হাতেমি এ তথ্য জানান।
তার দাবি, শনিবার রাত থেকে রোববার রাত পর্যন্ত প্রায় ২৪ ঘণ্টা মারিব সিটির কাছে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই হয়। ইয়েমেনি বাহিনীর অভিযানে ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত হন। সংঘর্ষের একপর্যায়ে বেশ কিছু হুথি যোদ্ধা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলেও দাবি করেন তিনি।
ইয়াহিয়া আল হাতেমি আরও জানান, লড়াইয়ে হুথিদের নয়টি সামরিক যান ধ্বংস করা হয়েছে।
তবে হুথিদের পক্ষ থেকে সংঘর্ষ বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে নিহতের সংখ্যা ও সামরিক যান ধ্বংসের দাবিটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।