ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবা সেবনের সময় জেলা ছাত্রলীগের সহসভাপতি শামীম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ডোপ টেস্টে ইয়াবা ও গাঁজা সেবনের ফল পজিটিভ আসায় আদালত তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ১০ দিন কারাভোগ করতে হবে। ঘটনাটি স্থানীয় ও একাধিক সংবাদমাধ্যমে একইভাবে প্রকাশিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহ সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কালীগঞ্জ আমলী আদালতের বিচারক সব্যসাচী রায় এ সাজা দেন।
শামীম হোসেন কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আরব আলীর ছেলে।
কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, শনিবার দুপুরে এসআই নাহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে শামীম হোসেনকে ইয়াবা সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়। পরে তাকে ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ে নিয়ে ডোপ টেস্ট করা হলে ইয়াবা ও গাঁজা সেবনের ফল পজিটিভ আসে।
পরে তাকে আদালতে হাজির করা হলে আদালত ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে অতিরিক্ত ১০ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।