তিন বিভাগে হালকা বৃষ্টির আভাস
ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাবে সৃষ্ট স্থল নিম্নচাপের কারণে দেশের রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।
- আপলোড সময় : ০৪-১১-২০২৬ ১২:২৮:৩৮ অপরাহ্ন
- আপডেট সময় : ০৪-১১-২০২৬ ১২:৩২:২৭ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ২১ বার পঠিত
ছবি সংগৃহীত
ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাবে সৃষ্ট স্থল নিম্নচাপের কারণে দেশের রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। এ ছাড়া আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ ও পার্শ্ববর্তী এলাকায় স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমে দুর্বল হয়ে যেতে পারে।
আজকের আবহাওয়ার পূর্বাভাস
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।
আগামী কয়েক দিনের পূর্বাভাস
৫ নভেম্বর, বৃহস্পতিবার: সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
৬ নভেম্বর, শুক্রবার: আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
৭ নভেম্বর, শনিবার: সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস রয়েছে।
৮ নভেম্বর, রোববার: চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টিপাতের প্রবণতা থাকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।