সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বাঘাই বলেন, আমেরিকানরা নিয়মিত কোনো খরচ ছাড়াই খবর বানাচ্ছে এবং মিথ্যা দাবি করছে। এতে কোনো সন্দেহ নেই।
তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের এ ধরনের মিথ্যা প্রচারের উদ্দেশ্য আঞ্চলিক দেশগুলোর মধ্যে বিভেদ আরও বাড়ানো। এ কারণে তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিজেদের সমস্যার সমাধান নিজেদের মধ্যেই করার আহ্বান জানান।
তিনি সতর্ক করে বলেন, তা না হলে যারা এ অঞ্চলের কল্যাণ ও স্বার্থ চায় না, তারা পরিস্থিতিকে আরও জটিল করতে এ ধরনের মিথ্যা দাবি অব্যাহত রাখবে।
ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয়ে ইরানের হস্তক্ষেপ রয়েছে—এমন দাবিও প্রত্যাখ্যান করেছেন বাঘাই।
তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি ইরানের দায়বদ্ধতা রয়েছে এবং কিছু পক্ষ মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ ও বিরোধ বাড়াতে বর্তমান পরিস্থিতিকে কাজে লাগাচ্ছে—এ বিষয়ে তেহরান অবগত।
বাঘাই বলেন, এটা স্পষ্ট যে ইয়েমেনিরাই নিজেদের সিদ্ধান্ত নেয়। ইয়েমেনের প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহ একটি স্বাধীন ইয়েমেনি পক্ষ, যারা নিজেদের স্বার্থ ও অগ্রাধিকারের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়।
তিনি বলেন, ইয়েমেনিরা স্বাধীনচেতা জনগোষ্ঠী হিসেবে নিজেদের অবস্থান প্রমাণ করেছে এবং মুসলিম বিশ্ব ও মানবতার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো তাদের কাছে গুরুত্বপূর্ণ।
একই সঙ্গে সব দেশের জন্য নৌ চলাচলের নিরাপত্তা ও সামুদ্রিক বাণিজ্যের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
বাঘাই বলেন, আপনি কোনো দেশ বা দেশগুলোর ওপর হামলা চালাবেন, তাদের ওপর নৌ অবরোধ আরোপ করবেন, এরপর একতরফাভাবে আশা করবেন যে তারাই সামুদ্রিক নৌ চলাচলের নিরাপত্তার রক্ষক হিসেবে কাজ করবে—এটি হতে পারে না।
আঞ্চলিক সমস্যার সমাধান চাইলে সংশ্লিষ্ট সব দেশকে বাস্তব পরিস্থিতি মেনে নেয়া এবং অন্যদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি