পূজার ছুটিতে বিএম কলেজে সংস্কারকাজ, ক্যাম্পাস খুললেই নতুন পরিবেশ
পূজার দীর্ঘ ছুটি কাজে লাগিয়ে বরিশালের সরকারি ব্রজমোহন কলেজে চলছে রাস্তা মেরামত, লাইব্রেরিতে নারী শিক্ষার্থীদের পৃথক পাঠকক্ষ প্রস্তুতসহ বিভিন্ন সৌন্দর্যবর্ধনের কাজ
- আপলোড সময় : ২৯-১০-২০২৬ ১১:২১:২৯ অপরাহ্ন
- আপডেট সময় : ২৯-১০-২০২৬ ১১:২১:২৯ অপরাহ্ন
- ৩ মিনিট পড়ার সময়
- ৩৭ বার পঠিত
ছবি: প্রতিনিধি
পূজার দীর্ঘ ছুটি শেষে ক্যাম্পাসে ফিরে শিক্ষার্থীরা পাবেন এক পরিপাটি ও দৃষ্টিনন্দন পরিবেশ। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ছুটির এই অবকাশকে কাজে লাগিয়ে বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে চলছে বিভিন্ন সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ।
কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী জাবের আহমেদের সার্বিক তত্ত্বাবধানে মহাত্মা অশ্বিনী কুমার দত্ত ডিগ্রি হোস্টেলের বেহাল রাস্তা মেরামত, কেন্দ্রীয় লাইব্রেরিতে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক পাঠকক্ষ প্রস্তুত এবং পুরো ক্যাম্পাসজুড়ে সৌন্দর্যবর্ধনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
দক্ষিণাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠে হাজার হাজার শিক্ষার্থীর পদচারণা থাকলেও দীর্ঘদিন ধরে বেশ কিছু অবকাঠামোগত সমস্যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ছিল। বিশেষ করে মহাত্মা অশ্বিনী কুমার দত্ত ডিগ্রি হোস্টেলের 'সি' ও 'ডি' (C ও D) ব্লকে যাতায়াতের রাস্তাটি চলাচলের অনুপযোগী থাকায় আবাসিক শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হতো। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটিতে চলাচল বেশ কষ্টকর হয়ে উঠত। তবে সাধারণ শিক্ষার্থীদের অনুপস্থিতিতে ছুটির এই নিরিবিলি সময়ে রাস্তাটি সংস্কারের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এতে দীর্ঘদিনের সেই ভোগান্তির অবসান হতে যাচ্ছে। সরেজমিনে দেখা যায়, রাস্তাটির মেরামতকাজ প্রায় শেষ পর্যায়ে।
রাস্তা সংস্কারের পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞানচর্চার অন্যতম প্রধান কেন্দ্র কলেজের কেন্দ্রীয় লাইব্রেরিতেও গুরুত্বপূর্ণ সংস্কারকাজ চলছে। নারী শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্যে পড়াশোনার সুযোগ নিশ্চিত করতে লাইব্রেরিতে সম্পূর্ণ পৃথক একটি পাঠকক্ষ তৈরির কাজ এগিয়ে চলছে। নতুন এই পাঠকক্ষটি চালু হলে নারী শিক্ষার্থীরা পৃথক স্থানে বসে পড়াশোনার সুযোগ পাবেন। পাশাপাশি নতুন পাঠকক্ষের মাধ্যমে লাইব্রেরিতে অতিরিক্ত আসন যুক্ত হবে, ফলে শিক্ষার্থীদের বসে পড়াশোনার সুযোগ ও লাইব্রেরির সামগ্রিক ধারণক্ষমতা বৃদ্ধি পাবে। এ ছাড়া ক্যাম্পাসের বিজয় চত্বর, মসজিদ গেট, মসজিদের দেয়াল ও ফুলের বাগানসহ বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নতুন করে রং করার কাজ চলছে।
ছুটি শেষে নতুন পরিবেশে ফেরার অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ দেখা গেছে। এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক আবাসিক শিক্ষার্থী বলেন, "আমাদের হোস্টেলের 'সি' ও 'ডি' ব্লকের রাস্তাটি দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী ছিল। বৃষ্টির দিনে চরম ভোগান্তি পোহাতে হতো। পূজার ছুটির পর ক্যাম্পাসে ফিরে আমরা নতুন রাস্তা পাবো, এটা ভেবেই অনেক ভালো লাগছে। অবশেষে কাজ শুরু হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত।"
লাইব্রেরিতে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক পাঠকক্ষ প্রস্তুতের বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অনার্স দ্বিতীয় বর্ষের এক নারী শিক্ষার্থী বলেন, "আমাদের কলেজের কেন্দ্রীয় লাইব্রেরিতে মেয়েদের জন্য আলাদা রিডিং রুমের কাজ চলছে জেনে আমি অনেক খুশি। এটি চালু হলে মেয়েরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে নিজেদের মতো করে পড়াশোনা করতে পারবে। আমার মনে হয়, এটি আমাদের জন্য খুবই উপকারী একটি উদ্যোগ।"
সার্বিক সংস্কারকাজের বিষয়ে আরেক শিক্ষার্থী বলেন, "আমাদের দিনের বেশিরভাগ সময়ই ক্যাম্পাসে কাটে, তাই ক্যাম্পাসটা সুন্দর ও পরিচ্ছন্ন থাকলে আমাদের মনও ভালো থাকে। দীর্ঘ ছুটি শেষে ক্যাম্পাসে ফিরে যখন দেখবো বিভিন্ন জায়গায় নতুন করে রং করা হয়েছে এবং সৌন্দর্যবর্ধনের কাজ হয়েছে, তখন স্বাভাবিকভাবেই পড়াশোনার প্রতিও আগ্রহ বাড়াবে।"
শিক্ষার্থীরা মনে করছেন, ছুটির এই সময়ে চলমান সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজগুলো সম্পন্ন হলে বিএম কলেজের সার্বিক একাডেমিক ও আবাসিক পরিবেশ আরও উন্নত হবে। একই সঙ্গে আগামী দিনে ক্যাম্পাসের অন্যান্য সমস্যাও পর্যায়ক্রমে সমাধান হবে বলে তাঁরা আশা প্রকাশ করেছেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।