হরমুজে মার্কিন MQ-9 Reaper ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
হরমুজ প্রণালিতে মার্কিন MQ-9 Reaper ড্রোন ধ্বংসের দাবি করেছে আইআরজিসি; যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো নিশ্চিত নয়
- আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০৩:১৬:৫২ অপরাহ্ন
- আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০৩:১৬:৫২ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ১০৯ বার পঠিত
ছবি: সংগৃহীত
কৌশলগত হরমুজ প্রণালির আকাশসীমায় একটি মার্কিন MQ-9 Reaper ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তাদের দাবি, সোমবার (৩১ আগস্ট) ভোরে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে দীর্ঘপাল্লার ড্রোনটিকে আঘাত করা হয়। পরে সেটি পারস্য উপসাগরের পানিতে বিধ্বস্ত হয়। তবে ইরানের এই দাবি এখনো যুক্তরাষ্ট্র বা মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
ইরানের বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে ড্রোন ভূপাতিতের তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, ইরানের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এই অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে সংকটের সময়ে রাজপথে থেকে প্রতিরক্ষা বাহিনীর প্রতি সমর্থন জানানোয় ইরানি জনগণের প্রশংসা করা হয়।
এর আগে রোববার (৩০ আগস্ট) হরমুজ প্রণালির লারাক দ্বীপে ইরানের দুটি উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে বিমান বা ড্রোন হামলা চালানো হয়। ওই হামলায় কয়েকজন ইরানি সেনা ও বেসামরিক নাগরিক নিহত বা আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের দাবি, সমুদ্র-মাইন বহনে ব্যবহৃত রকেট উৎক্ষেপণের প্রস্তুতি নেওয়া হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে লারাক দ্বীপে আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়।
ইরানের দাবি অনুযায়ী, লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে আইআরজিসি একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার পাশাপাশি জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
তবে MQ-9 Reaper ড্রোনটি ভূপাতিত হওয়ার বিষয়ে এখন পর্যন্ত ওয়াশিংটন বা মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়া যায়নি।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।