তিন বছরে ১০ শতাংশ কমেছে ইলিশ উৎপাদন
ইলিশের উৎপাদন ও আহরণ কমে যাওয়ায় বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন গবেষক ও নীতিনির্ধারকেরা।
- আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০৯:১৪:০৮ অপরাহ্ন
- আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০৯:১৪:০৮ অপরাহ্ন
- ৪ মিনিট পড়ার সময়
- ২৪ বার পঠিত
সংগৃহীত ছবি
বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনীতি ও লাখো মানুষের জীবিকার সঙ্গে জড়িয়ে থাকা ইলিশের উৎপাদন কমছে বাংলাদেশ ও মিয়ানমারে। বাংলাদেশে গত তিন অর্থবছরে ইলিশের উৎপাদন কমেছে প্রায় ১০ শতাংশ। এ পরিস্থিতিতে মাছটির সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনায় বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট দেশের নীতিনির্ধারক, গবেষক ও মৎস্য বিশেষজ্ঞরা।
‘বঙ্গোপসাগরীয় অঞ্চলে ইলিশ মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা’ শীর্ষক তিন দিনব্যাপী আঞ্চলিক কর্মশালা শুক্রবার রাজধানীর একটি হোটেলে শুরু হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। এতে তিন দেশের নীতিনির্ধারক, গবেষক, পরিবেশবাদী ও মৎস্য খাতের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
কর্মশালায় উপস্থাপিত মূল প্রবন্ধে বিশিষ্ট ইলিশ গবেষক মোহাম্মদ আনিছুর রহমান জানান, বাংলাদেশে ২০১২–১৩ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল ৩ লাখ ৫১ হাজার টন। ২০২২–২৩ অর্থবছরে তা বেড়ে সর্বোচ্চ ৫ লাখ ৭১ হাজার টনে পৌঁছায়। এরপর থেকে উৎপাদন কমতে শুরু করে। গত তিন অর্থবছরে উৎপাদন কমেছে প্রায় ১০ শতাংশ।
বিশ্বের মোট ইলিশের ৮০ শতাংশের বেশি বাংলাদেশের জলসীমায় আহরণ বা উৎপাদিত হয় বলে কর্মশালায় উল্লেখ করা হয়। বাংলাদেশে এক দশক ধরে ইলিশ উৎপাদনে অগ্রগতি থাকলেও সাম্প্রতিক নিম্নমুখী প্রবণতা উদ্বেগ তৈরি করেছে। ভারতে উৎপাদন মোটামুটি স্থিতিশীল থাকলেও মিয়ানমারেও ইলিশের উৎপাদন কমছে।
ইলিশের উৎপাদন কমার কারণ হিসেবে অতিরিক্ত ও অবৈধ মাছ আহরণ, ইলিশের বিচরণস্থলে চর জেগে ওঠা, পানিদূষণ, নিষিদ্ধ জালের ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের কারণে পানির তাপমাত্রা বেড়ে যাওয়ার বিষয়গুলো তুলে ধরেন গবেষক আনিছুর রহমান।
তিনি বলেন, ইলিশ একটি আন্তদেশীয় পরিযায়ী মাছ। জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে এটি নদী, মোহনা ও সামুদ্রিক পরিবেশে বিচরণ করে। ফলে একাধিক দেশের মৎস্যসম্পদ ও জেলে সম্প্রদায়ের মধ্যে এর সরাসরি যোগসূত্র রয়েছে। এ কারণে ইলিশের কার্যকর ব্যবস্থাপনায় বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি পরিবেশগত বিষয়গুলোর সঙ্গে মৎস্যসম্পদের সামাজিক, অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক দিকও বিবেচনায় নিতে হবে।
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেন, ইলিশ বাংলাদেশের মানুষের পরিচয়ের অংশ। তবে মাছটির উৎপাদন কমে যাওয়া উদ্বেগের বিষয়। অতিরিক্ত আহরণ ও নিষিদ্ধ জালের ব্যবহার এর উৎপাদন হ্রাসের অন্যতম কারণ। পাশাপাশি ডুবোচর বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাবও রয়েছে।
মন্ত্রী বলেন, ইলিশের বর্তমান সংকট মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা অপরিহার্য। মাছটি বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের জলসীমায় বিচরণ করে বলে এর সুরক্ষায় তিন দেশকেই এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে ব্যবস্থাপনা পদ্ধতি হতে হবে বিজ্ঞানভিত্তিক। কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তিও কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।
ইলিশের সঙ্গে বিপুলসংখ্যক মানুষের জীবিকা জড়িত উল্লেখ করে মন্ত্রী বলেন, মৎস্যজীবী ও তাঁদের পরিবার, পরিবহনশ্রমিক, মাছ প্রক্রিয়াজাতকরণে নিয়োজিত কর্মী এবং বিক্রেতাসহ বিভিন্ন শ্রেণির মানুষ এ খাতের ওপর নির্ভরশীল। তাই উৎপাদন বাড়ানোর উদ্যোগের পাশাপাশি তাঁদের জীবন-জীবিকার বিষয়টিও গুরুত্ব দিতে হবে।
মৎস্যজীবীদের ঋণসংকটের বিষয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, দরিদ্র জেলেরা অনেক সময় দাদনদারদের কাছ থেকে চড়া সুদে ঋণ নেন। এতে সাময়িক সুবিধা হলেও দীর্ঘ মেয়াদে তাঁদের ক্ষতির মুখে পড়তে হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণে জেলেদের সহজ শর্তে প্রাতিষ্ঠানিক ও ক্ষুদ্রঋণ দেওয়ার ব্যবস্থা করার তাগিদ দেন তিনি।
কর্মশালায় বে অব বেঙ্গল প্রোগ্রাম ইন্টার-গভর্নমেন্টাল অর্গানাইজেশনের পরিচালক পি কৃষ্ণান বলেন, ইলিশ আহরণ ও ব্যবস্থাপনায় বাংলাদেশ একটি মডেল। বর্তমান সংকট মোকাবিলায় তিন দেশের সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে বাংলাদেশ নেতৃত্ব দিতে পারে।
ভারতের ইলিশ গবেষক অমিয় সাহু মাছটির সংরক্ষণে একটি শক্তিশালী তথ্যভান্ডার তৈরি, ইলিশ ব্যবস্থাপনা টাস্কফোর্স গঠন এবং বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনার জন্য আন্তসরকার সহযোগিতা জোরদারের প্রস্তাব দেন।
মিয়ানমারে ইলিশের উৎপাদন কমে যাওয়ার কারণ তুলে ধরে দেশটিতে আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ফিশের সাবেক প্রধান কিন মং সোয়ে বলেন, মিয়ানমারের অনেক এলাকায় অনিয়ন্ত্রিতভাবে মাছ ধরা হয়। এটি ইলিশের উৎপাদন কমে যাওয়ার অন্যতম কারণ।
কর্মশালার আহ্বায়ক ও ইলিশ গবেষক আব্দুল ওয়াহাব বলেন, ইলিশের উৎপাদন কমে যাওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ থাকলেও হতাশ হওয়ার কারণ নেই। বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা ও আঞ্চলিক সহযোগিতা নিশ্চিত করা গেলে ইলিশকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব।
কর্মশালার আয়োজক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বে অব বেঙ্গল প্রোগ্রাম ইন্টার-গভর্নমেন্টাল অর্গানাইজেশন, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং ওয়ার্ল্ড ফিশ।
উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ এ টি এম ফারুক-উল ইসলাম। বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদসচিব মো. দেলোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য মাসুমা হাবীব, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. খালেদ কনক এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. লতিফুল ইসলাম।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।