নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের পদধারীদের ধরিয়ে দিলে পুরস্কার
নিষিদ্ধ সংগঠনগুলোর পদধারী নেতাদের পুলিশের হাতে তুলে দিতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের।
- আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০৯:৪৭:৪০ অপরাহ্ন
- আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০৯:৪৭:৪০ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৭ বার পঠিত
ছবি: সংগৃহীত
নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পদধারী নেতাদের পুলিশের হাতে তুলে দিতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
রবিবার (২৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
সমাবেশে সাখাওয়াত হোসেন খান বলেন, 'শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলছে। আমি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে নির্দেশনা দিচ্ছি, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন। প্রতিটি পাড়া-মহল্লায় খোঁজ নেবেন, কোনো দোসর আছে কি না। তাদের ধরে আমাকে ফোন দেবেন। আমরা পুলিশ পাঠিয়ে তাদের জেলে পাঠাব। তবে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।'
তিনি আরও বলেন, 'আপনারা সসম্মানে তাদের পুলিশের হাতে তুলে দেবেন। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কোনো পদধারী নেতাকে ধরিয়ে দিতে পারলে তার জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে। আপনারা প্রতিদিন মাঠে থাকবেন এবং রুটিন করে কর্মসূচি পালন করবেন। বাংলার মানুষ বিএনপির সঙ্গে আছে, তারেক রহমানের সঙ্গে আছে।'
যুবদল নেতা কে এম মাজহারুল ইসলাম জোসেফের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, মহানগর বিএনপির সদস্য শওকত হাসেম শকু, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা এবং বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।