পুতিন-ল্যান্ডাউয়ের সফরে তাজিকিস্তানের কৌশলগত ভারসাম্য
মার্কিন খনিজ বিনিয়োগ, রাশিয়ার সামরিক সহযোগিতা ও প্রবাসী আয়ের ওপর নির্ভরতার মধ্যে ভারসাম্য রাখছে দুশানবে।
- আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০৯:৩২:০২ অপরাহ্ন
- আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০৯:৩২:০২ অপরাহ্ন
- ৫ মিনিট পড়ার সময়
- ১৯ বার পঠিত
সংগৃহীত ছবি
গত সপ্তাহে তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাহমনের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কূটনীতিক এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১৮ নভেম্বর মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ দুশানবে সফর করেন। দুই দিন পর ২০ নভেম্বর চীনের শেনজেন থেকে তাজিকিস্তানে পৌঁছান পুতিন। এর আগে শেনজেনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে প্রথম ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি।
ল্যান্ডাউয়ের সফরে দীর্ঘমেয়াদি খনিজ সম্পদ সহযোগিতা, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে মার্কিন কোম্পানির বিনিয়োগের সুযোগ এবং সন্ত্রাসবাদ, সাইবার হুমকি, মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধে সমন্বয়ের বিষয়গুলো আলোচনায় আসে। তাজিক প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে স্বাস্থ্য খাতের একটি পাঁচ বছর মেয়াদি ৭ কোটি ৮০ লাখ ডলারের কর্মসূচিও উপস্থাপন করেন ল্যান্ডাউ। এ কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্র ৩ কোটি ৮০ লাখ এবং তাজিকিস্তান ৪ কোটি ডলার দেওয়ার পরিকল্পনা করেছে। এ বিষয়ে দুই দেশ গত এপ্রিলে একটি সমঝোতা স্মারক সই করেছিল।
তবে ল্যান্ডাউয়ের সফরে খনিজ সম্পদ বা বিনিয়োগ নিয়ে নতুন কোনো চুক্তির ঘোষণা আসেনি। তাজিকিস্তানে মার্কিন আগ্রহের কেন্দ্রে রয়েছে অ্যান্টিমনি নামের গুরুত্বপূর্ণ খনিজ। ২০২৫ সালে দেশটি প্রায় ২২ হাজার টন অ্যান্টিমনি উৎপাদন করে, যা বিশ্ব উৎপাদনের প্রায় এক-পঞ্চমাংশ। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এই খনিজের নিট আমদানিনির্ভরতা ৯১ শতাংশ।
তাজিকিস্তানের খনিজ খাতে যুক্তরাষ্ট্রের উপস্থিতি নতুন নয়। মার্কিন প্রতিষ্ঠান কমসুপ কমোডিটিজ ২০০৬ সাল থেকে দেশটির জিজিকরুত অ্যান্টিমনি-মার্কারি খনির পরিচালনাকারী প্রতিষ্ঠানের সম্পূর্ণ মালিকানা ধরে রেখেছে। তবে ২০২৪ সালে তাজিকিস্তানের সব অ্যান্টিমনি আকরিক ও কনসেনট্রেট রপ্তানি গেছে চীনে। এ ছাড়া চীনের সহযোগিতায় নির্মিত তালকো গোল্ড কারখানাটি চলতি বছরের জুলাইয়ে উৎপাদনে আসে। বছরে সর্বোচ্চ ৫ হাজার টন ধাতব অ্যান্টিমনি উৎপাদনের সক্ষমতা রয়েছে এ কারখানার।
গত বছর যুক্তরাষ্ট্র দাবি করেছিল, মার্কিন ও তাজিক কোম্পানিগুলোর মধ্যে ৩০০ কোটি ডলারের বেশি বাণিজ্যিক চুক্তি হয়েছে। তবে এর বড় অংশ ছিল সোমন এয়ারের সঙ্গে বোয়িংয়ের প্রাথমিক ৩২০ কোটি ডলারের একটি চুক্তি। খনিজ খাতে প্রযুক্তিগত সহায়তার পরিমাণ ছিল মাত্র ৩ কোটি ২৫ লাখ ডলার।
অন্যদিকে, পুতিনের সফরের আলোচনায় প্রাধান্য পেয়েছে নিরাপত্তা সহযোগিতা। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, দুই নেতা তাজিকিস্তানে রাশিয়ার ২০১তম সামরিক ঘাঁটির উপস্থিতি অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছেন। তাঁদের মতে, এ ঘাঁটি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ উপাদান। বৈঠকে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউর প্রধান ইগর কোস্তিউকভও প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে পৃথক আলোচনায় অংশ নেন।
রুশ বিশ্লেষক আন্দ্রেই গ্রোজিনের মতে, জিআরইউ প্রধানের উপস্থিতি থেকে বোঝা যায়, আফগানিস্তানের অস্থিতিশীলতা তাজিকিস্তানে ছড়িয়ে পড়ার আশঙ্কা নিয়ে দুই দেশই উদ্বিগ্ন। তিনি সম্ভাব্য বড় ধরনের সামরিক উসকানির বিষয়ে গোয়েন্দা তথ্য বিনিময়ের সম্ভাবনার কথাও উল্লেখ করেন।
আফগানিস্তান সীমান্তে বিভিন্ন ঘটনা ও চোরাচালান নিয়েও রাহমন আলোচনা করেছেন বলে জানা গেছে। এক বছর আগে সীমান্তবর্তী এলাকায় হামলায় পাঁচ চীনা নাগরিক নিহত হয়েছিলেন। তবে তাজিক প্রেসিডেন্টের কার্যালয়ের প্রকাশিত বিবরণে রাশিয়ার সামরিক ঘাঁটি কিংবা আফগানিস্তানের প্রসঙ্গ উল্লেখ করা হয়নি।
পুতিন রাহমনকে জানান, রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সেই ওভারচুকের সাম্প্রতিক কাবুল সফরের বিষয়ে তাঁকে অবহিত করবেন। ওভারচুকের ভাষ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম আট মাসে রাশিয়া ও আফগানিস্তানের বাণিজ্য দ্বিগুণের বেশি বেড়ে ৩৪ কোটি ৯০ লাখ ডলার ছাড়িয়েছে। ২০২৫ সালের জুলাইয়ে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া মস্কো এখন কাবুলের বাণিজ্যিক অংশীদার হওয়ার পাশাপাশি দুশানবের নিরাপত্তা সহযোগী হিসেবেও নিজেকে তুলে ধরছে।
তাজিকিস্তানের সাধারণ মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অভিবাসন ও প্রবাসী আয়। কিন্তু রাহমন-পুতিন বৈঠকে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো চুক্তি হয়নি। দুই নেতা কেবল অভিবাসনসংক্রান্ত ‘বর্তমান সমস্যাগুলো’ সমাধানের বিষয়ে কথা বলেছেন।
এর মধ্যে রাশিয়ার ইউনিস্ট্রিম ব্যাংকের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা তাজিক অভিবাসীদের অর্থ পাঠানোর ক্ষেত্রে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। রাশিয়ায় কর্মরত তাজিক নাগরিকদের মধ্যে ব্যাংকটির সেবা বহুল ব্যবহৃত। রুশ সেনাদের ঋণ পরিশোধে বিলম্বের সুযোগ দেওয়ার অভিযোগে চার দিন আগে ব্যাংকটির ওপর নিষেধাজ্ঞা দেয় ইইউ। তবে ইউনিস্ট্রিম এ ধরনের ঋণ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। তাজিকিস্তানে ব্যাংকটির কার্যক্রমের লাইসেন্স অন্তত ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত রয়েছে।
তবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ব্যাংকটির লেনদেনের পরিধি আগেই সংকুচিত হয়েছে। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর ইউনিস্ট্রিম তাজিকিস্তানের সঙ্গে ডলার ও ইউরোতে অর্থ স্থানান্তর বন্ধ করে। ২০২৫ সালের শেষ দিকে ইইউ তাজিকিস্তানের তিনটি ব্যাংকের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছিল। পরে চলতি বছরের এপ্রিলে সেগুলো প্রত্যাহার করা হয়।
তাজিকিস্তানের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব অত্যন্ত বেশি। বিশ্বব্যাংকের বিভিন্ন হিসাব অনুযায়ী, দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৪৬ থেকে ৫৭ দশমিক ৭ শতাংশের সমপরিমাণ অর্থ আসে প্রবাসী আয় থেকে। ২০২৫ সালে প্রায় ৭ লাখ ২ হাজার তাজিক নাগরিক কাজের জন্য দেশ ছেড়েছেন। চলতি বছরের জুলাই পর্যন্ত রাশিয়ার ‘নিয়ন্ত্রিত ব্যক্তি’ তালিকায় ছিলেন প্রায় ১ লাখ ৬০ হাজার তাজিক নাগরিক। তাঁদের মধ্যে ২৫ হাজার অপ্রাপ্তবয়স্ক। এই তালিকায় থাকা ব্যক্তিদের রাশিয়ায় অবস্থানের বৈধ ভিত্তি নেই এবং তাঁদের বহিষ্কারের ঝুঁকি রয়েছে।
অভিবাসন নিয়ে সুনির্দিষ্ট আলোচনা না হলেও পুতিন বৈঠকে ২০২৫ সালে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ২৫ শতাংশের বেশি বৃদ্ধির কথা উল্লেখ করেন।
ল্যান্ডাউ ও পুতিনের সফর তাজিকিস্তানের পররাষ্ট্রনীতির মৌলিক বাস্তবতায় বড় কোনো পরিবর্তন আনেনি। যুক্তরাষ্ট্র দেশটির খনিজ সম্পদ ও প্রযুক্তি খাতে বিনিয়োগের সম্ভাবনা তৈরি করছে। কিন্তু রাশিয়ার শ্রমবাজারের বিকল্প দিতে পারছে না। অন্যদিকে, মস্কো সামরিক উপস্থিতি বজায় রাখার পাশাপাশি নিরাপত্তা সহযোগিতা দিচ্ছে। তবে তালেবান সরকারের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠতা দুশানবের জন্য নতুন কৌশলগত বিবেচনার বিষয় হয়ে উঠেছে।
তাজিকিস্তান একদিকে যুক্তরাষ্ট্রের কাছে খনিজ সম্পদে প্রবেশাধিকার দিচ্ছে, অন্যদিকে রাশিয়ার কাছ থেকে নিরাপত্তা সহযোগিতা নিচ্ছে এবং চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখছে। কিন্তু দেশটির শ্রমশক্তির একটি বড় অংশ বিদেশে কাজ করে এবং অর্থনীতির প্রবৃদ্ধিতে প্রবাসী আয়ের বড় ভূমিকা রয়েছে। ফলে রাশিয়াকেন্দ্রিক অর্থ পাঠানোর ব্যবস্থার ওপর নির্ভরতা কমানো দুশানবের জন্য কঠিন হয়ে উঠেছে।
রাশিয়ার সঙ্গে এই নির্ভরতার প্রেক্ষাপটেই আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে তাজিকিস্তানের সরে যাওয়ার সিদ্ধান্তকে বিশ্লেষণ করা হচ্ছে। পুতিনের সফরের সময় তাঁকে আতিথ্য দেওয়ার কারণে আইসিসির পক্ষ থেকে তাজিকিস্তানের সমালোচনার পর দেশটি এ সিদ্ধান্ত নেয়।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।