যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপিসহ ১০ নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
নেত্রকোনার পূর্বধলায় রাজনৈতিক সংঘর্ষের জেরে পুরো উপজেলা জুড়ে থমথমে পরিস্থিতি; অগ্নিসংযোগে একজন গুরুতর দগ্ধ।
- আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০৬:১৪:৩৪ অপরাহ্ন
- আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০৬:১৪:৩৪ অপরাহ্ন
- ৩ মিনিট পড়ার সময়
- ৩৬ বার পঠিত
ছবি : প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখমের ঘটনাকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে । এতে সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনসহ অন্তত ১০ জন নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। অগ্নিসংযোগের সময় ঘরের ভেতরে আটকা পড়ে এক যুবক দগ্ধ হয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বাদেপুটিকা বাজার এলাকায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বকর রানাকে কুপিয়ে জখম করা হয় । পরবর্তীতে রাত ১১টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় হামলার ঘটনা ঘটে।
ঘটনার সূত্রপাত স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৮টার দিকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে প্রায় ২০টি মোটরসাইকেলে করে একদল নেতাকর্মী জালশুকা রেলক্রসিং এলাকা থেকে বিশকাকুনী ইউনিয়নের যাত্রাবাড়ী, সরিস্তলা ও বাদেপুটিকা বাজারের দিকে যান । বাদেপুটিকা বাজারে পৌঁছালে তাঁরা ‘জয় বাংলা’ স্লোগান দেন । এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয় এবং একপর্যায়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বকর রানাকে কুপিয়ে গুরুতর জখম করা হয় । আহত আবু বকর রানাকে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় ।
যুবদল নেতার ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে রাত ১১টার দিকে বিশকাকুনী ইউনিয়নের বড়রুহি এলাকায় যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিকের বাড়িতে আগুন দেওয়া হয় বলে অভিযোগ ওঠে । এরপর নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের ধলা যাত্রাবাড়ী গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয় । পাশাপাশি তাঁর বড় ভাই এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের বাবা আমজাদ হোসেনের বাড়িতেও হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে । এ ছাড়া যেসব বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট বা অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে, সেগুলোর মধ্যে রয়েছে—উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শুভর বাড়ি ও পুটিকা বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল বাশার খানের বাড়ি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও যুক্তরাষ্ট্র প্রবাসী আমানুর রশিদ খান জুয়েলের বাড়ি, স্বাচিপের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ডা. ওয়াহিদুর রহমান ছোটনের বাড়ি, উপজেলা চেয়ারম্যান এরশাদ হোসেন মালুর বাড়ি, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফয়জুর রহমান ঝন্টুর বাড়ি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির মাসুদ খান ফাহিমের বাড়ি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিনের বাড়ি ।
বাড়ি ঘরে অগ্নিসংযোগের সময় সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের ভাতিজা ও ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেনের ভাই সাখাওয়াত হোসেন শাকু ঘরের ভেতরের বাথরুমে আটকা পড়েন । পরে স্থানীয়রা দগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থার মধ্যে হাসপাতালে পাঠান ।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, যুবদল নেতার ওপর অতর্কিত হামলার জের ধরে এসব ঘটনা ঘটেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে । এদিকে ঘটনার পর থেকে পুরো উপজেলা জুড়ে থমথমে অবস্থা ও আতঙ্ক বিরাজ করছে ।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।