সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাকৃবি কর্মকর্তা হোছাইন আহমেদ মুকুল
ময়মনসিংহের চুরখাই এলাকায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
- আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০৬:০০:৩০ অপরাহ্ন
- আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০৬:০০:৩০ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৯ বার পঠিত
ছবি: সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) হিসাবরক্ষণ কর্মকর্তা হোছাইন আহমেদ মুকুল (৫০)। শনিবার (২৮ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে ময়মনসিংহের চুরখাই এলাকায় এ দুর্ঘটনার শিকার হন তিনি।
হোছাইন আহমেদ মুকুল বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখায় সহকারী হিসাবরক্ষণ কর্মমর্তা হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি বাকৃবি অফিসার পরিষদের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বরত ছিলেন। তাঁর পৈতৃক বাড়ি ময়মনসিংহের গফরগাঁও এলাকায়। তবে, তিনি বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় ইউটিলিটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজ বিকেলে ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন মুকুল। পথে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাইয়ের বেলতলী এলাকায় তিনি মোটরসাইকেলটি সড়কের এক পাশে রাখেন। ছেলেকে মোটরসাইকেলে বসিয়ে রেখে সড়কের অপর পাশে পরিচিত এক ব্যক্তির সঙ্গে কথা বলতে যান তিনি। এ সময় একটি মোটরসাইকেল এসে তাঁকে ধাক্কা দেয় এবং তিনি মাথায় গুরুতর আঘাত পান।পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালের ফটক পার হতে না হতেই তাঁর মৃত্যু হয়।
রবিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনসংলগ্ন করিডোরে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।