গরুর অঙ্গপ্রত্যঙ্গের সাপ্লিমেন্টে স্বাস্থ্যঝুঁকি, সতর্কতা
শক্তি ও রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর দাবি থাকলেও এসব ক্যাপসুলের কার্যকারিতা নিয়ে পর্যাপ্ত গবেষণা নেই, অতিরিক্ত ভিটামিন এ হতে পারে বিপজ্জনক।
- আপলোড সময় : ২৯-১১-২০২৬ ১০:৩০:২৩ অপরাহ্ন
- আপডেট সময় : ২৯-১১-২০২৬ ১০:৩৩:২৬ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩৭ বার পঠিত
ছবি : সংগৃহীত
গরুর কলিজা, কিডনি, অগ্ন্যাশয় ও হৃৎপিণ্ডসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ থেকে তৈরি পুষ্টিসম্পূরক বা সাপ্লিমেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়ে উঠছে। এসব পণ্য সেবনে শারীরিক শক্তি, স্মৃতিশক্তি, মানসিক স্বচ্ছতা ও রোগ প্রতিরোধক্ষমতা বাড়ার পাশাপাশি ত্বক ও দৃষ্টিশক্তির উন্নতি হয় বলে দাবি করছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। তবে এসব দাবির পক্ষে পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের ২৭ নভেম্বরের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত গরু, বাইসন ও এলকের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ শুকিয়ে গুঁড়া করে এসব সাপ্লিমেন্ট ক্যাপসুল তৈরি করা হয়। পুরুষদের জন্য বাজারজাত পণ্যগুলোতে টেস্টোস্টেরন, প্রজননক্ষমতা ও শারীরিক সক্ষমতা বাড়ানোর দাবি করা হয়। অন্যদিকে নারীদের জন্য তৈরি সাপ্লিমেন্টগুলো হরমোনের ভারসাম্য রক্ষা, মাসিকের অনিয়ম ও ব্যথা কমানোর প্রতিশ্রুতি দেয়।
প্রাণীর অঙ্গপ্রত্যঙ্গ পুষ্টিগুণে সমৃদ্ধ হলেও সেগুলো থেকে তৈরি ক্যাপসুলে পুষ্টি উপাদানের পরিমাণ ও কার্যকারিতা কতটা বজায় থাকে, তা নিয়ে পর্যাপ্ত গবেষণা নেই। ফলে এসব পণ্য গ্রহণে প্রত্যাশিত উপকার পাওয়া যাবে কি না, তা নিশ্চিত নয়।
পুষ্টিবিদদের তথ্য অনুযায়ী, রান্না করা ৮৫ গ্রাম গরুর কলিজায় প্রায় ৫ দশমিক ৬ মিলিগ্রাম আয়রন, ২ দশমিক ৯১ মিলিগ্রাম রিবোফ্লাভিন এবং ৬০ মাইক্রোগ্রাম ভিটামিন বি১২ থাকে। একই পরিমাণ গরুর মাংসের তুলনায় কলিজায় এসব পুষ্টি উপাদানের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেশি। তবে কলিজায় ভিটামিন এ-এর পরিমাণও বেশি থাকায় অতিরিক্ত গ্রহণ স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
হার্ভার্ড মেডিকেল স্কুলের অধ্যাপক ও সাপ্লিমেন্টের নিরাপত্তা গবেষক ড. পিটার কোহেন বলেন, এসব পণ্য তৈরির ক্ষেত্রে সুনির্দিষ্ট মানদণ্ড নেই। কোন অঙ্গ ব্যবহার করা হবে, কীভাবে শুকানো হবে এবং কতটা ঘনীভূত করা হবে, তা অনেকাংশেই উৎপাদনকারী প্রতিষ্ঠানের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এসব সাপ্লিমেন্টের উৎপাদনপ্রক্রিয়া ও উপাদানের মান ওষুধের মতো কঠোরভাবে তদারক করে না। ২০২০ সালে ৪৯টি গরুর কলিজার সাপ্লিমেন্ট নিয়ে পরিচালিত এক গবেষণায় দেখা যায়, অধিকাংশ পণ্যের মোড়কে ভিটামিন ও খনিজ উপাদানের পরিমাণ উল্লেখ করা হয়নি।
বিশেষজ্ঞদের মতে, একাধিক সাপ্লিমেন্ট একসঙ্গে গ্রহণ করলে শরীরে নির্দিষ্ট কিছু পুষ্টি উপাদানের মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছাতে পারে। বিশেষ করে অতিরিক্ত ভিটামিন এ যকৃতে জমে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। গর্ভাবস্থায় অতিরিক্ত ভিটামিন এ গ্রহণ শিশুর জন্মগত ত্রুটির ঝুঁকিও বাড়াতে পারে।
পুষ্টিবিদদের পরামর্শ, সুষম খাদ্যাভ্যাসের মাধ্যমে অধিকাংশ মানুষের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা সম্ভব। তাই চিকিৎসক বা পুষ্টিবিশেষজ্ঞের পরামর্শ ছাড়া এসব সাপ্লিমেন্ট গ্রহণ না করাই ভালো।
সূত্র: সিএনএন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।