ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় যেসব পরিবর্তন জরুরি
ভাত, চিনি ও ভাজাপোড়া নিয়ন্ত্রণের পাশাপাশি নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর ওজন বজায় রাখার পরামর্শ পুষ্টিবিদের।
- আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০৯:৩২:৪৩ অপরাহ্ন
- আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০৯:৩২:৪৩ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩০ বার পঠিত
মেদহীন ব্যক্তির ফ্যাটি লিভার হয় না ধারণাটি ভুলছবি: পেক্সেলস
ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে কোনো নির্দিষ্ট খাবার বা পানীয় এককভাবে কার্যকর নয়। বরং সুষম খাদ্যাভ্যাস, ক্যালরি গ্রহণ নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর ওজন বজায় রাখা এবং নিয়মিত শারীরিক পরিশ্রমের মাধ্যমে এ সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ ক্ষেত্রে খাদ্যতালিকায় পরিবর্তনের পাশাপাশি জীবনযাপনে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন পুষ্টিবিদরা।
ফ্যাটি লিভার থাকলে ভাত খাওয়া পুরোপুরি বন্ধ করার প্রয়োজন নেই। তবে অতিরিক্ত ভাত এবং একই সঙ্গে আলু, রুটি ও অন্যান্য শর্করাজাতীয় খাবার বেশি খাওয়া এড়িয়ে চলা উচিত। পরিমিত পরিমাণে লাল চাল কিংবা কম প্রক্রিয়াজাত শস্য খাদ্যতালিকায় রাখা যেতে পারে।
প্রতিদিনের খাবারে বিভিন্ন ধরনের শাকসবজি রাখার পরামর্শ দেওয়া হয়। লাউ, পটোল, ঢ্যাঁড়স, করলা, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, পালংশাক ও লালশাকের মতো মৌসুমি সবজি আঁশ ও পুষ্টি উপাদানের ভালো উৎস। এসব খাবার স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখতে সহায়ক।
ফল খাওয়ার ক্ষেত্রে ফলের রসের পরিবর্তে আস্ত ফল বেছে নেওয়া ভালো। পেয়ারা, আপেল, কমলা, পেঁপে, নাশপাতি ও অন্যান্য মৌসুমি ফল পরিমিত পরিমাণে খাওয়া যেতে পারে। পাশাপাশি চিনি মেশানো জুস ও কোমল পানীয় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রোটিনের চাহিদা পূরণে মাছ, ডিম, চামড়া ছাড়া মুরগির মাংস, ডাল, ছোলা, মটরশুঁটি ও বাদাম খাদ্যতালিকায় রাখা যেতে পারে। অন্যদিকে অতিরিক্ত চর্বিযুক্ত মাংস, প্রক্রিয়াজাত মাংস এবং ঘন ঘন ভাজা খাবার গ্রহণ কমানো প্রয়োজন।
ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে রান্নায় তেলের ব্যবহারও পরিমিত রাখা জরুরি। পুরি, পরোটা, শিঙাড়া, সমুচা, ফ্রেঞ্চ ফ্রাই ও অতিরিক্ত তেলে তৈরি খাবার সীমিত করতে হবে। ঘি, মাখন, ডালডা ও সম্পৃক্ত চর্বিযুক্ত খাবার কম খাওয়ার পাশাপাশি কোমল পানীয়, এনার্জি ড্রিংক, অতিরিক্ত চিনিযুক্ত চা ও কফি, মিষ্টি, কেক এবং বিস্কুটের মতো খাবারও নিয়ন্ত্রণে রাখতে হবে। চিনিযুক্ত পানীয়ের পরিবর্তে পর্যাপ্ত পানি পান করা ভালো।
খাদ্যাভ্যাসের পাশাপাশি জীবনযাত্রায় পরিবর্তন আনার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। অতিরিক্ত ওজন থাকলে ধীরে ধীরে ওজন কমানোর চেষ্টা করতে হবে। প্রায় ৫ শতাংশ ওজন কমাতে পারলে লিভারে জমা চর্বি কমতে পারে। আরও বেশি ওজন কমানোর ক্ষেত্রে কিছু রোগীর লিভারের প্রদাহ ও ফাইব্রোসিসের উন্নতি হতে পারে।
এ ছাড়া প্রতিদিন অন্তত ৩০ মিনিট মাঝারি মাত্রার শারীরিক কার্যক্রম, যেমন দ্রুত হাঁটা বা অন্যান্য ব্যায়াম করার পরামর্শ দেওয়া হয়। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও রক্তে চর্বির মাত্রা নিয়ন্ত্রণে রাখা এবং অ্যালকোহল এড়িয়ে চলাও ফ্যাটি লিভার ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ।
চিকিৎসকের পরামর্শ ছাড়া হারবাল ওষুধ, তথাকথিত লিভার ডিটক্স পানীয় কিংবা বিভিন্ন সাপ্লিমেন্ট গ্রহণ না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
পরামর্শগুলো দিয়েছেন আলোক হাসপাতাল লিমিটেডের পুষ্টিবিদ ফারজানা ওয়াহাব।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।