স্পেসএক্স থেকে আরও কম্পিউটিং ক্ষমতা ভাড়া নিতে চায় গুগল
এআই অবকাঠামোর ক্রমবর্ধমান চাহিদার মধ্যে দুই প্রতিষ্ঠানের শতকোটি ডলারের ক্লাউড চুক্তি সম্প্রসারণের ইঙ্গিত দিলেন ইলন মাস্ক
- আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০৮:১৭:২৪ অপরাহ্ন
- আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০৮:১৭:২৪ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩৭ বার পঠিত
ছবি সংগৃহীত
দুই প্রতিষ্ঠানের মধ্যকার ক্লাউড সার্ভিস চুক্তির সম্ভাব্য সম্প্রসারণের অংশ হিসেবে স্পেসএক্স থেকে আরও বেশি কম্পিউটিং ক্ষমতা ভাড়া নিতে আগ্রহী গুগল। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে গুগল এবং স্পেসএক্স কোনো প্রতিষ্ঠানই তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
পরিকল্পিত প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর আগেই গুগলের সঙ্গে বহুবছর মেয়াদী একটি ক্লাউড সার্ভিস চুক্তি সই করেছে স্পেসএক্স। গত জুনে ঘোষিত ওই চুক্তির আওতায় ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত গুগল প্রতি মাসে স্পেসএক্সকে ৯২ কোটি ডলার পরিশোধ করবে। এই কম্পিউটিং সক্ষমতার মধ্যে প্রায় ১ লাখ ১০ হাজার এনভিডিয়া গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ, মেমোরি এবং অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রাংশ অন্তর্ভুক্ত রয়েছে।
জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সেবার দ্রুত প্রসারের ফলে বিশ্বজুড়ে কম্পিউটিং অবকাঠামোর চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। এই চাহিদা মেটাতে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এনভিডিয়া ও অন্যান্য নির্মাতাদের উন্নত চিপসমৃদ্ধ ডেটা সেন্টার গড়ে তুলতে বিপুল অর্থ বিনিয়োগ করছে।
গুগলের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিকও গত মে মাসে স্পেসএক্সের কম্পিউটিং সক্ষমতা ব্যবহারের জন্য চুক্তির ঘোষণা দেয়। গত জুনে জমা দেওয়া এক নিয়ন্ত্রক নথিতে স্পেসএক্স জানিয়েছে, অ্যানথ্রপিক ও গুগলের সঙ্গে তাদের চুক্তিগুলোর সম্মিলিত মূল্য ৭ হাজার কোটি ডলারের বেশি।
ক্রমবর্ধমান চাহিদা সামাল দিতে যুক্তরাষ্ট্রের মেমফিস এলাকায় অবস্থিত নিজেদের কম্পিউটিং হাবের বাইরেও কার্যক্রম বিস্তৃত করছে স্পেসএক্স। প্রতিষ্ঠানটি চলতি মাসে জানিয়েছে, তারা পরিকল্পিত দুটি স্থানে ৭ হাজার ৪০০ কোটি ডলারের বেশি বিনিয়োগ করবে। এর মধ্যে একটি হলো টেক্সাসের রিও গ্র্যান্ডে ভ্যালির স্টারবেসে একটি সুপারকম্পিউটার স্থাপনা এবং অন্যটি অ্যারিজোনার কোচিস কাউন্টিতে আরেকটি ক্যাম্পাস।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।