চ্যাটজিপিটি, জেমিনাই নাকি ক্লড—কোনটি ‘ভালো’
কাজের নির্দেশনা বোঝা, স্বয়ংক্রিয় কার্যক্রম ও কম বার নির্দেশনা সংশোধনের অভিজ্ঞতায় এগিয়ে ক্লড
- আপলোড সময় : ২৭-১১-২০২৬ ১১:৪০:২০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৭-১১-২০২৬ ১১:৪০:২০ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৭০ বার পঠিত
ছবি— সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবটের ব্যবহার বাড়ার সঙ্গে বদলে যাচ্ছে দৈনন্দিন কাজের ধরন। প্রশ্নের উত্তর দেওয়া, লেখালেখি কিংবা তথ্য বিশ্লেষণের পাশাপাশি এখন এসব টুল দিয়ে কাজের পরিকল্পনা, ফাইল ব্যবস্থাপনা, রিমাইন্ডার এবং কম্পিউটারের বিভিন্ন কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা যাচ্ছে। এ ক্ষেত্রে চ্যাটজিপিটি, গুগলের জেমিনাই ও অ্যানথ্রপিকের ক্লড অন্যতম জনপ্রিয় এআই টুল।
প্রিমিয়াম সংস্করণ ব্যবহার করে অ্যান্ড্রয়েড অথরিটির এক প্রযুক্তিবিষয়ক লেখক তাঁর অভিজ্ঞতায় জানিয়েছেন, চ্যাটজিপিটি ও জেমিনাইয়ের তুলনায় ক্লড ব্যবহারের সময় নির্দেশনা বারবার সংশোধন করার প্রয়োজন কম হয়। ব্যবহারকারীর চাহিদা বুঝে উত্তর দেওয়া এবং নির্দেশনার কোনো অংশ অস্পষ্ট হলে পাল্টা প্রশ্ন করার প্রবণতা ক্লডকে ব্যবহারে তুলনামূলক স্বাচ্ছন্দ্য এনে দেয়।
ক্লডের কোওয়ার্ক, ডিসপ্যাচ ও আর্টিফ্যাক্টস সুবিধাগুলো দৈনন্দিন কাজ সহজ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কোওয়ার্কের মাধ্যমে ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী সময়সাপেক্ষ ও পুনরাবৃত্তিমূলক বিভিন্ন কাজ সম্পন্ন করা যায়। ডিসপ্যাচ সুবিধার মাধ্যমে মুঠোফোন ব্যবহার করেই দূর থেকে কম্পিউটারে কাজের নির্দেশনা দেওয়ার সুযোগ রয়েছে।
এ ছাড়া ক্লড কোড ব্যবহার করে পুরো কোডবেস বিশ্লেষণ, একাধিক ফাইলে পরিবর্তন, কোড পরীক্ষা এবং পরিবর্তিত কোড কমিট করার মতো কাজ করা যায়। ফলে সফটওয়্যার উন্নয়ন ও কোড ব্যবস্থাপনার বিভিন্ন কাজেও এআই টুলটির ব্যবহার বাড়ছে।
অন্যদিকে চ্যাটজিপিটি ও জেমিনাই ছবি তৈরি, লেখালেখি, তথ্য বিশ্লেষণ এবং দৈনন্দিন কাজ সহজ করার ক্ষেত্রে কার্যকর। তবে কিছু ব্যবহারকারীর অভিজ্ঞতায় নির্দেশনা বুঝতে বা প্রত্যাশিত ফলাফল দিতে এসব টুলের ক্ষেত্রে একাধিকবার সংশোধনের প্রয়োজন হতে পারে। ক্লডের পাল্টা প্রশ্ন করার প্রবণতা নির্দেশনার অস্পষ্টতা দূর করতে সহায়তা করে বলে ওই লেখকের অভিজ্ঞতায় উঠে এসেছে।
এআই টুল ব্যবহারের ক্ষেত্রে সাবস্ক্রিপশন খরচও গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। ক্লড প্রোর মাসিক সাবস্ক্রিপশন ফি প্রায় ১৭ ডলার। অন্যদিকে গুগল এআই প্রো ও চ্যাটজিপিটি প্লাসের মাসিক ফি প্রায় ২০ ডলার করে।
সূত্র: অ্যান্ড্রয়েড অথরিটি
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।