ডলারের বিপরীতে ইরানি রিয়ালের দর ৩০ লাখে
মার্কিন নিষেধাজ্ঞা ও মূল্যস্ফীতির চাপে রিয়ালের রেকর্ড দরপতন, খাদ্যপণ্যের দাম বেড়েছে ১১২ শতাংশের বেশি।
- আপলোড সময় : ২৯-১১-২০২৬ ১০:৪৪:১৬ অপরাহ্ন
- আপডেট সময় : ২৯-১১-২০২৬ ১০:৪৫:১৩ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩৭ বার পঠিত
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, নৌ অবরোধ ও উচ্চ মূল্যস্ফীতির চাপে তীব্র অর্থনৈতিক সংকটে পড়েছে ইরান। দেশটির মুদ্রা রিয়ালের বিনিময়মূল্য ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। শনিবার (২৮ নভেম্বর) মুক্তবাজারে প্রতি মার্কিন ডলারের দাম প্রায় ৩০ লাখ রিয়ালে পৌঁছেছে। মুদ্রার এই অবনতি দেশটির অর্থনৈতিক অস্থিরতা আরও বাড়িয়ে তুলেছে।
মুক্তবাজারের বিনিময় হার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট বন-বাস্টের তথ্য অনুযায়ী, শনিবার প্রতি ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছিল প্রায় ২৯ লাখ ৯২ হাজার রিয়াল। শুক্রবার এই হার ছিল ২৯ লাখ ৩৮ হাজার রিয়াল। অর্থাৎ এক দিনের ব্যবধানে ডলারের বিপরীতে রিয়ালের মূল্য আরও কমেছে।
অন্যদিকে, মুদ্রাবিনিময়বিষয়ক ওয়েবসাইট আলানচাঁদ ডট কমের হিসাবে, শনিবার প্রতি ডলারের দাম দাঁড়িয়েছে ২৯ লাখ ৯৯ হাজার রিয়াল। আগের দিনের তুলনায় এই দর বেড়েছে ১ দশমিক ৮৩ শতাংশ।
গত কয়েক দশকের মধ্যে অন্যতম ভয়াবহ মূল্যস্ফীতির মুখোমুখি ইরান। দীর্ঘ নয় মাসের যুদ্ধের প্রভাবে দেশটিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে দ্রুতগতিতে। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ও অবরোধ অর্থনৈতিক চাপ আরও বাড়িয়ে দিয়েছে।
গত জুলাইয়ে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এরপর চলতি মাসের শুরুতে দেশটির স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র এবং নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্য সরবরাহ সীমিত করতে ‘টাস্কফোর্স আয়রন গেট’ গঠনের ঘোষণা দেয় ওয়াশিংটন।
এ সপ্তাহের শুরুতে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণার পর মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানের অর্থনীতি তলিয়ে যাচ্ছে এবং দেশটির নেতারা আতঙ্কিত হয়ে পড়েছেন।
তবে বৈদেশিক মুদ্রার মজুত নিয়ে আশ্বস্ত করার চেষ্টা করেছেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি। শনিবার তিনি জানান, আগামী কয়েক মাসের জন্য প্রয়োজনীয় খাদ্যপণ্য ও ওষুধ আমদানিতে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা রয়েছে দেশটির হাতে।
একই সঙ্গে তিনি স্বীকার করেন, অর্থনৈতিক পরিস্থিতির পাশাপাশি মানুষের মনস্তাত্ত্বিক অবস্থাও বৈদেশিক মুদ্রাবাজারে প্রভাব ফেলছে। রাষ্ট্রীয় টেলিভিশনকে হেম্মাতি বলেন, অর্থনীতি, মানুষের প্রত্যাশা ও রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন উপাদান মুদ্রাবাজারের গতিপ্রকৃতি নির্ধারণ করে। বাজার স্থিতিশীল রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।
এদিকে ইরানের পরিসংখ্যান কেন্দ্রের তথ্য দেশটির মূল্যস্ফীতির ভয়াবহ চিত্র তুলে ধরেছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, গত অক্টোবরে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম আগের বছরের একই সময়ের তুলনায় ৮৮ দশমিক ৭ শতাংশ বেড়েছে। বার্ষিক গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৮ শতাংশে। একই সময়ে খাদ্য ও পানীয়ের দাম বেড়েছে ১১২ দশমিক ৬ শতাংশ।
এর আগে গত আগস্টে ডলারের বিপরীতে ইরানি রিয়ালের বিনিময়মূল্য ২০ লাখের সীমা অতিক্রম করে, যা তখন রেকর্ড দরপতন হিসেবে বিবেচিত হয়েছিল। ওই বছরের জুলাইয়ে দেশটির বার্ষিক মূল্যস্ফীতির হার ছিল ৬৬ শতাংশ। সাম্প্রতিক মুদ্রার দরপতন ও মূল্যস্ফীতির পরিসংখ্যান ইরানের অর্থনৈতিক সংকট আরও গভীর হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
সূত্র: রয়টার্স
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।