নেপচুনের বাইরে পৃথিবীর মতো গ্রহ, নাম পিএক্স২
নেপচুনের বাইরের বরফাচ্ছাদিত মহাজাগতিক বস্তুর অস্বাভাবিক কক্ষপথ বিশ্লেষণ করে নতুন গ্রহের সম্ভাবনা দেখছেন বিজ্ঞানীরা।
- আপলোড সময় : ২৯-১১-২০২৬ ১০:৫৩:৪৭ অপরাহ্ন
- আপডেট সময় : ২৯-১১-২০২৬ ১০:৫৫:২৪ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩১ বার পঠিত
ছবি : সংগৃহীত
সৌরজগতের দূর প্রান্তে নেপচুনের বাইরে পৃথিবীর মতো আরেকটি গ্রহ থাকতে পারে বলে ধারণা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। ওই অঞ্চলের বরফাচ্ছাদিত মহাজাগতিক বস্তুগুলোর অস্বাভাবিক গতিপথ পর্যবেক্ষণ করে সম্ভাব্য গ্রহটির অস্তিত্বের ধারণা পেয়েছেন তারা। গ্রহটির সম্ভাব্য নাম দেওয়া হয়েছে পিএক্স২।
এ বিষয়ে গবেষণাপত্র প্রকাশিত হয়েছে ‘মান্থলি নোটিসেস অব দ্য রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি’ সাময়িকীতে। বিজ্ঞানবিষয়ক সংবাদমাধ্যম সায়েন্স অ্যালার্টের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য গ্রহটির ভর পৃথিবীর এক থেকে দুই গুণ হতে পারে। সূর্য থেকে কয়েক হাজার কোটি মাইল দূরে অবস্থান করে এটি সূর্যকে প্রদক্ষিণ করছে বলে ধারণা করা হচ্ছে।
গবেষণাপত্রের লেখক ও অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ডের সহযোগী অধ্যাপক প্যাট্রিক সোফিয়া লিকাওকা জানান, কয়েক দশকের সৌরজগত গবেষণার পর এমন একটি গ্রহের সন্ধান পাওয়া গেলে তা জ্যোতির্বিজ্ঞানের জন্য বড় আবিষ্কার হবে।
এর আগে সৌরজগতের বাইরে ‘প্ল্যানেট নাইন’ নামের একটি সম্ভাব্য গ্রহের অস্তিত্ব নিয়ে আলোচনা করেছেন বিজ্ঞানীরা। তাদের ধারণা, পৃথিবীর প্রায় ১০ গুণ ভরের ওই গ্রহ নেপচুনের বাইরের মহাজাগতিক বস্তুগুলোর কক্ষপথে প্রভাব ফেলতে পারে।
নেপচুনের বাইরে থাকা কিছু বরফাচ্ছাদিত মহাজাগতিক বস্তু দীর্ঘ ও উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে। পরিচিত গ্রহগুলোর মহাকর্ষীয় প্রভাব দিয়ে এসব বস্তুর অস্বাভাবিক গতিপথের পূর্ণ ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। সেডনা নামের মহাজাগতিক বস্তুটি এ ধরনের অস্বাভাবিক কক্ষপথের অন্যতম উদাহরণ।
গ্রহবিজ্ঞানী জন্টি হর্নার এসব অস্বাভাবিক গতিপথকে বরফের ওপর পায়ের ছাপের সঙ্গে তুলনা করেছেন। তার মতে, এই চিহ্নগুলো সৌরজগতের দূরবর্তী অঞ্চলে অজানা কোনো বস্তুর উপস্থিতির ইঙ্গিত দিতে পারে।
সম্ভাব্য কারণ অনুসন্ধানে গবেষকেরা কম্পিউটারের মাধ্যমে সৌরজগতের প্রায় ৪৫০ কোটি বছরের বিবর্তনের অনুকরণ তৈরি করেন। পরিচিত চারটি বিশাল গ্রহের উপস্থিতিতে সৌরজগতের পরিবর্তন বিশ্লেষণের পাশাপাশি দূরবর্তী অঞ্চলে অতিরিক্ত গ্রহ রয়েছে এমন পরিস্থিতির মডেলও পরীক্ষা করা হয়।
গবেষণায় দেখা গেছে, পিএক্স২ নামের সম্ভাব্য গ্রহটি বরফাচ্ছাদিত কয়েকটি মহাজাগতিক বস্তুর অস্বাভাবিক কক্ষপথ ব্যাখ্যা করতে পারে। তবে মডেলের ফলাফল এবং বাস্তব পর্যবেক্ষণের মধ্যে এখনো কিছু অমিল রয়েছে।
গবেষকদের আশা, চিলির ভেরা সি রুবিন মানমন্দিরের পর্যবেক্ষণের মাধ্যমে নেপচুনের বাইরে আরও মহাজাগতিক বস্তু শনাক্ত করা সম্ভব হবে। নতুন তথ্য পিএক্স২-এর সম্ভাব্য অস্তিত্ব যাচাইয়ে সহায়ক হতে পারে।
গ্রহটির অস্তিত্ব নিশ্চিত হলে সৌরজগতের গঠন, বিবর্তন ও দূরবর্তী মহাজাগতিক বস্তুগুলোর গতিপথ সম্পর্কে বিজ্ঞানীদের বর্তমান ধারণায় বড় পরিবর্তন আসতে পারে।
সূত্র: এনডিটিভি
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।