ইমরান খানের স্বাস্থ্য নিয়ে বিশ্বজুড়ে সাবেক ২১ ক্রিকেটারের উদ্বেগ
পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সুচিকিৎসা এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের সাবেক ২১ জন ক্রিকেট অধিনায়ক।
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ১০:৫৫:৪২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ১০:৫৫:৪২ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৭২ বার পঠিত
ছবি সংগৃহীত
পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিভিন্ন দেশের সাবেক ২১ ক্রিকেট অধিনায়ক। তার যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে দেওয়া এক চিঠিতে সাবেক অধিনায়করা বলেন, গত সপ্তাহে ইমরান খানকে হাসপাতালে মাত্র কয়েক ঘণ্টা রাখা হয়েছিল। এ সময় রাষ্ট্রীয়ভাবে নিয়োগ দেওয়া একটি মেডিকেল বোর্ডের মাধ্যমে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
চিঠিতে ইমরান খানের চিকিৎসা ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ নিশ্চিত করতে তিনটি দাবি জানানো হয়েছে।
প্রথমত, পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশনায় একটি মেডিকেল বোর্ড গঠন করে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। ওই বোর্ডে তার ব্যক্তিগত চিকিৎসকদেরও অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার খবরটি গুরুত্বের সঙ্গে পরীক্ষা করার আহ্বান জানানো হয়েছে।
দ্বিতীয়ত, আদালতের নির্দেশ অনুযায়ী ইমরানের পরিবারের সদস্যদের প্রতি সপ্তাহে তার সঙ্গে দেখা করার সুযোগ দিতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের বাধা বা প্রশাসনিক জটিলতা সৃষ্টি না করারও আহ্বান জানিয়েছেন সাবেক অধিনায়করা।
তৃতীয়ত, মেডিকেল বোর্ড যে চিকিৎসার সুপারিশ করবে, তা যেন কোনো ধরনের বিলম্ব ছাড়াই ইমরান খানকে দেওয়া হয়।
সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক গ্রেগ চ্যাপেলের উদ্যোগে লেখা চিঠিতে বলা হয়, ইমরান খানের বয়স ৭৩ বছর এবং তিনি তিন বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন।
চিঠিতে আরও বলা হয়, ইমরান খানের মামলাকে ঘিরে আইনি ও রাজনৈতিক নানা বিতর্ক থাকতে পারে। তবে আদালতের নির্দেশ অনুযায়ী তার চিকিৎসা নিশ্চিত করার দাবি কোনো বিতর্কিত বিষয় নয়। এটি ন্যূনতম মানবিকতার বিষয়।
এর আগে গত ফেব্রুয়ারিতে ইমরান খানের সঙ্গে মানবিক আচরণ ও তার যথাযথ চিকিৎসা নিশ্চিতের আহ্বান জানিয়ে একটি আবেদন করেছিলেন সাবেক অধিনায়কদের মধ্যে ১৪ জন।
প্রসঙ্গত, ২০২৩ সালের আগস্টে ইমরান খানকে কারাগারে পাঠানো হয়। পরে রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস থেকে শুরু করে রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগসহ শতাধিক মামলায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তবে ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ, পিটিআই এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।