ঋণের বোঝায় চীনের বাজেট সংকুচিত, স্তিমিত হচ্ছে অর্থনৈতিক গতি?
ের সুদ পরিশোধে বাড়ছে সরকারি ব্যয়, নতুন প্রণোদনা দেওয়ার আর্থিক সক্ষমতা কমছে বেইজিংয়ের
- আপলোড সময় : ২১-১১-২০২৬ ০৯:১৩:১৬ অপরাহ্ন
- আপডেট সময় : ২১-১১-২০২৬ ০৯:১৩:১৬ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৭১ বার পঠিত
ছবি: সংগৃহীত
ঋণ পরিশোধের ক্রমবর্ধমান খরচ চেপে ধরেছে চীনের সরকারি বাজেটকে। ঠিক যে সময়ে ধীরগতির অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করতে বড় ধরনের প্রণোদনা দেওয়া প্রয়োজন, তখনই পুঞ্জীভূত ঋণের বিপুল সুদের ধাক্কা বেইজিংয়ের হাত কার্যত বেঁধে ফেলছে। যুক্তরাষ্ট্রের মতো অনেক দেশের কাছে এটি একটি চেনা অর্থনৈতিক সংকট হলেও আন্তর্জাতিক বাজারকে নতুন করে শঙ্কিত করে তুলেছে চীনের এই ভঙ্গুর রাজস্ব পরিস্থিতি।
বছরের পর বছর ধরে নেওয়া ঋণের সুদ মেটাতে গিয়ে চীনের কেন্দ্রীয় বাজেট থেকে বড় অঙ্কের অর্থ খরচ হচ্ছে। নতুন এক সমীক্ষা অনুযায়ী, এ বছর দেশটির কেন্দ্রীয় সরকারের সাধারণ বাজেটের ১৯ দশমিক ২ শতাংশই চলে যাচ্ছে ঋণের সুদ মেটাতে, যা ২০১৪ সালেও ছিল মাত্র ১২ শতাংশ। স্বল্প সময়ে সুদের হারের এই লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি চীনের অন্যান্য গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক এবং প্রয়োজনীয় সরকারি ব্যয়ের খাতগুলোকে সংকুচিত করে ফেলছে।
মূলত ২০০৮ থেকে ২০২১ সাল পর্যন্ত অর্থনৈতিক প্রবৃদ্ধির নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়ার আশঙ্কায় চীনের রাজনীতিবিদরা একের পর এক পছন্দসই শিল্পখাতে ট্রিলিয়ন ডলারের প্রণোদনা দিতে থাকেন। তবে সরকারি উদ্যোগে তৈরি এই কৃত্রিম প্রবৃদ্ধির খেসারত দিতে হচ্ছে এখন। ঋণের টাকায় চালানো বহু প্রকল্প শেষ পর্যন্ত কোনো ব্যবসায়িক সাফল্য আনতে পারেনি, ফলে অপচয় হওয়া সেই অর্থ আজ অর্থনীতিকে টেনে নিচে নামাচ্ছে। দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি)র প্রবৃদ্ধি ক্রমাগত ধীর হয়ে সাড়ে চার থেকে পাঁচ শতাংশের লক্ষ্যমাত্রার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। রফতানিমুখী খাতগুলো কিছুটা সচল থাকলেও আন্তর্জাতিক বাজারে নানা বিধিনিষেধের কারণে তা বাধার মুখে পড়ছে। পাশাপাশি চীনের সাধারণ ভোক্তারা কেনাকাটা কমিয়ে দিয়েছেন। দেশটিতে নতুন বিনিয়োগ দুর্বল, আবাসন খাত এখনো বড় ধরনের বিপর্যয় সামলে উঠতে পারছে না এবং স্থানীয় শেয়ারবাজারের অবস্থাও বেশ শোচনীয়।
ইলেকট্রিক যান, রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নবায়নযোগ্য শক্তির মতো অগ্রাধিকারমূলক শিল্পগুলোতে সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে অর্থ জোগাতে চাপ সৃষ্টি করেছে বেইজিং। তবে তড়িঘড়ি করে ঋণ দিতে গিয়ে তা চলে গেছে ঝুঁকিপূর্ণ বা দুর্বল ব্যবসায়ীদের হাতে। ফলে ২০১৯ সালের পর থেকে চীনের ব্যবসা খাতের ঋণ দ্বিগুণের বেশি হলেও তাদের আয় বেড়েছে মাত্র ৩০ শতাংশ। ব্যবসা টিকিয়ে রাখতে ব্যাংকগুলো বারবার ঋণ নবায়ন করে যাচ্ছে, অথচ দেশটির প্রায় এক-তৃতীয়াংশ প্রতিষ্ঠানই বর্তমানে লোকসানে চলছে।
অর্থনীতিবিদরা মনে করছেন, চীনের রাষ্ট্রপরিচালিত এই প্রবৃদ্ধির মডেলটি এখন দেউলিয়া হওয়ার মুখে। রাজনৈতিক উদ্দেশ্যে পছন্দের শিল্পে কম সুদে ঋণ দিয়ে অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা মূলত জুয়াড়ির বাজির মতো হয়ে দাঁড়িয়েছে, যেখানে হারের মুখোমুখি হয়ে হারানো টাকা তুলতে জুয়াড়ি বারবার বাজির দর দ্বিগুণ করতে থাকে। রাজনীতিবিদেরা জনগণের ঋণের টাকা দিয়ে আবারও উচ্চ ঝুঁকিপূর্ণ খাতে বাজি ধরছেন, যা দেশটির রাজস্বব্যবস্থায় এত বড় গর্ত তৈরি করছে যেখান থেকে সহজে বের হওয়ার পথ আর চীন সরকারের সামনে খোলা নেই।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।