চবির হীরকজয়ন্তীর অনুষ্ঠানে পড়ে গিয়ে গুরুতর আহত প্রাক্তন শিক্ষার্থী
অনুষ্ঠানস্থলে পড়ে থাকা বাঁশে হোঁচট খেয়ে গুরুতর আঘাত পান ১৫তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী রিজু; মুখমণ্ডলে ২০টি সেলাইয়ের পাশাপাশি এমআরআই রিপোর্টে ধরা পড়েছে মেরুদণ্ডে গুরুতর ক্ষতি, আয়োজকদের অব্যবস্থাপনায় ক্ষোভ সহপাঠীদের
- আপলোড সময় : ২১-১১-২০২৬ ১০:১১:৩০ অপরাহ্ন
- আপডেট সময় : ২১-১১-২০২৬ ১০:১১:৩০ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৫৫ বার পঠিত
ছবি: প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উদ্যাপনের মূল অনুষ্ঠানে প্রবেশের পথে পড়ে গুরুতর আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী রিজু। দুর্ঘটনায় তাঁর মুখের বিভিন্ন স্থানে ২০টি সেলাই দিতে হয়েছে। পরবর্তী সময়ে করা এমআরআই (MRI) পরীক্ষায় তাঁর মেরুদণ্ডে গুরুতর ক্ষতি ধরা পড়েছে। এতে তাঁর শরীরের নিম্নাংশ ও ডান পাশ অবশ হয়ে গেছে বলে জানিয়েছেন তাঁর সহপাঠীরা।
জানা যায়, হীরকজয়ন্তীর মূল অনুষ্ঠানের মঞ্চে প্রবেশের সময় অনুষ্ঠানস্থলে পড়ে থাকা একটি বাঁশে হোঁচট খেয়ে উপুড় হয়ে পড়ে যান রিজু। এতে মুখমণ্ডলের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি। পরে তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাঁর মুখের বিভিন্ন স্থানে মোট ২০টি সেলাই দেন।
রিজুর এক সহপাঠীর দেওয়া তথ্য অনুযায়ী, পরবর্তী সময়ে এমআরআই পরীক্ষায় তাঁর মেরুদণ্ডে গুরুতর ক্ষতির বিষয়টি শনাক্ত হয়। চিকিৎসকদের বরাতে তাঁরা জানান, রিজুর বয়স ও শারীরিক অবস্থার কারণে অস্ত্রোপচার করাও সম্ভব হচ্ছে না। উল্লেখ্য, চার বছর আগে ভারতে প্রায় ছয় মাস অবস্থান করে কিডনি প্রতিস্থাপন করিয়েছিলেন তিনি।
এদিকে, এ দুর্ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও অনুষ্ঠানস্থলের নিরাপত্তাব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রিজুর সহপাঠীরা। তাঁদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তীর মতো বৃহৎ আয়োজনে অনুষ্ঠানস্থলে এভাবে বাঁশ ফেলে রাখা ছিল চরম দায়িত্বহীনতার পরিচয়। এর ফলেই এমন গুরুতর দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন তাঁরা।
সহপাঠীদের দাবি, এ দুর্ঘটনার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে এবং ঘটনার যথাযথ তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।