৩৪ বছর শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে বিদায় নিলেন প্রধান শিক্ষক
সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হয়ে অবসরে গেলেন অলক কুমার চক্রবর্তী
- আপলোড সময় : ২১-১১-২০২৬ ০৯:১৯:২৪ অপরাহ্ন
- আপডেট সময় : ২১-১১-২০২৬ ০৯:১৯:২৪ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৬৩ বার পঠিত
ছবি: সংগৃহীত
কুমিল্লার বুড়িচং উপজেলার লড়িবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামসেদ আলম ভূঁইয়ার অবসরজনিত বিদায় উপলক্ষে এক বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ ৩৪ বছর একই বিদ্যালয়ে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষকতা করেছেন তিনি। বিদায়লগ্নে সাবেক শিক্ষার্থীরা প্রিয় এই শিক্ষককে ঘোড়ার গাড়িতে করে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল মতিন ভূঁইয়া মাস্টারের সন্তান ও সভাপতি মো. শরিফুর রহমান ভূঁইয়া। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো. মোবারক হোসেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন স্বপ্নদ্রষ্টা মরহুম হালিম চেয়ারম্যানের সহধর্মিণী মিসেস মনোয়ারা বেগম এবং রাজাপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামাল হোসেন।
লিয়াকত মামুন ও আবুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বিদায়ী প্রধান শিক্ষক মো. জামসেদ আলম ভূঁইয়ার দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণা করেন। একই সঙ্গে শিক্ষা বিস্তার ও বিদ্যালয়ের উন্নয়নে তার অবদানের ভূয়সী প্রশংসা করেন তারা।
বক্তারা বলেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠদানই করেন না, তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার অবসরজনিত বিদায় বিদ্যালয়ের জন্য এক আবেগঘন মুহূর্ত।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী প্রধান শিক্ষককে সম্মাননা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় সহকর্মী, অভিভাবক, শিক্ষার্থী ও অতিথিরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং অবসরজীবনের সুখ-শান্তি কামনা করেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।