গবেষণার বাণিজ্যিকীকরণে বাকৃবির সঙ্গে ১০ শিল্প ও আর্থিক প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর
বিশ্ববিদ্যালয়ের গবেষণালব্ধ প্রযুক্তি মাঠপর্যায়ে প্রয়োগ ও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা জোরদারকরণে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ্-আল-মামুন আগামী বছর কৃষি খাতে সর্বোচ্চ বাজেট ও ৫০০ কোটি টাকার ইনোভেশন ফান্ডের কথা জানান
- আপলোড সময় : ২১-১১-২০২৬ ১০:০৫:২৪ অপরাহ্ন
- আপডেট সময় : ২১-১১-২০২৬ ১০:১৬:০৪ অপরাহ্ন
- ৩ মিনিট পড়ার সময়
- ৫৯ বার পঠিত
ছবি: প্রতিনিধি
গবেষণার ফলাফলকে শিল্প ও বাণিজ্যিক খাতে প্রয়োগের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘গবেষণার উৎকর্ষ, উদ্ভাবন ও বাণিজ্যিকীকরণে বাকৃবি-শিল্পপ্রতিষ্ঠান সহযোগিতা জোরদারকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এসময় গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির বাণিজ্যিকীকরণে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে বাকৃবির সাথে ১০টি শিল্প ও আর্থিক প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
সমঝোতা স্বাক্ষরকৃত প্রতিষ্ঠানগুলো হল- ন্যাশনাল এগ্রি কেয়ার ইমপোর্ট এন্ড এক্সপোর্ট লিমিটেড, বায়ার ক্রপসায়েন্স লিমিটেড, এসিআই পিএলসি, আকিজ ডেইরি লিমিটেড, প্রাণ ডেইরি লিমিটেড, ডুয়ালটেক পাওয়ার ইঞ্জিনিয়ারিং, উস্তার এগ্রো সলিউশন প্রাইভেট লিমিটেড, স্বর্ণলতা এগ্রো ফিশারিজ লিমিটেড, পূবালী ব্যাংক পিএলসি এবং নেক্সটজেন বায়োফিড। বাকৃবির পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো হেলাল উদ্দীন।
বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ্-আল-মামুন এসময় আরও উপস্থিত ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন, ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড মো আব্দুল মজিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. আবুল হাশেম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাউরেসের সহযোগী পরিচালক অধ্যাপক ড. এ কে এম আহসান কবীর।
মূল প্রবন্ধ উপস্থাপনে অধ্যাপক ড এ কে এম আহসান কবীর বিশ্ববিদ্যালয়ের পূর্ব ইতিহাস তুলে ধরার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বর্তমান সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন। বর্তমানে দেশের ও দেশের বাইরের মোট ৬১১টি প্রতিষ্ঠানের সাথে বাকৃবির সমঝোতা স্মারক (এমওইউ) রয়েছে বলে তিনি জানান।
প্রধান অতিথির বক্তব্য অধ্যাপক ড আব্দুল্লাহ্ আল মামুন বলেন, বর্তমান সরকার মনে করে গবেষণার বাণিজ্যিকিকরণে বিশ্ববিদ্যালয় ও শিল্প প্রতিষ্ঠানের সমন্বয় অত্যন্ত জরুরি। তবে এই সমন্বয়ে কিছুটা দূরত্ব এখনও রয়ে গেছে। আশা করি, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে আগামী ১ বছরের মধ্যে আইকিউএসির মাধ্যমে এই দূরত্ব পূরণ করা হবে। আজকের অনুষ্ঠান বার্তা দিচ্ছে, একাডেমিয়া ও শিল্প প্রতিষ্ঠানের সমন্বয়ে নতুন কিছু শুরুর পথে যাচ্ছি আমরা। আজকের অনুষ্ঠানের মূল চারটি উদ্দেশ্য হলো একাডেমিক ও শিল্প প্রতিষ্ঠানের মিথস্ক্রিয়া, বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কারিকুলাম প্রতিনিয়ত আপডেট করা, শিক্ষার্থীদের ইন্টার্নশিপে সুযোগ বৃদ্ধি করা এবং গবেষণাসমূহের বাণিজ্যিকিকরণ নিশ্চিত করা। সেই লক্ষ্যে আজকের প্রোগ্রাম হোক প্রেরণা।
তিনি আরও বলেন, ইতিহাসে প্রথম এই সরকার শিক্ষা খাতে ২ শতাংশ বাজেট রেখেছে। আগামী বছর সেটি ৩ শতাংশ করা হবে। আপনারা জেনে খুশি হবেন আগামী বছর সর্বোচ্চ বাজেট হবে কৃষিতে। আপনাদের গবেষণালব্ধ ফল দীর্ঘদিন ধরে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সাহায্য করছে। আমাদের অর্থনীতির রুগ্ন দশা, আমরা কেবল গার্মেন্টস নির্ভরতা থেকে বেরিয়ে কৃষিতে আরও এগিয়ে যেতে চাই। সরকারের ইনোভেশন ফান্ডে ৫০০ কোটি টাকা আছে। এটা গবেষণা কাজের জন্য উন্মুক্ত।
বাকৃবি উপাচার্য অধ্যাপক ড মো রফিকুল ইসলাম সরদার বলেন, বাকৃবির সাথে যারা একসাথে কাজ করার জন্য এগিয়ে এসেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। ইতোমধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের সাথে বাকৃবির চুক্তি চলমান। আজ দশটি প্রতিষ্ঠানের সাথে করা হলো। গবেষণালব্ধ প্রযুক্তি মাঠ পর্যায়ে নিতে আমাদের শিল্প প্রতিষ্ঠানের সাহায্য লাগবে। একসাথে সমন্বয় না হলে কোন প্রযুক্তিই কাজে আসবে না। তাই আমাদের আরও কাজ করতে হবে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘গবেষণালব্ধ শিল্পোন্নয়ন: কৃষি গ্রাজুয়েটদের ভূমিকা ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা গবেষণার বাণিজ্যিকীকরণ, শিল্পপ্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ এবং কৃষি গ্রাজুয়েটদের সম্ভাবনা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। অতিথিরা শিক্ষার্থীদের এসব প্রশ্নের উত্তর দেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।