ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ ফরেনসিক নিরীক্ষায় আওয়ামী আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর প্রমাণ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: প্রতিমন্ত্রী ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা

নিষিদ্ধ চীনা প্রতিষ্ঠানেও এআই চিপ রপ্তানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

এনভিডিয়া ও এএমডির ৮ লাখ ৭৯ হাজারের বেশি চিপ রপ্তানির অনুমোদন দেয় ওয়াশিংটন; নিষেধাজ্ঞাভুক্ত বিশ্ববিদ্যালয়ের চিপ কেনার তথ্যও প্রকাশ করেছে সিএনএন।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-১১-২০২৬ ০২:৫৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৬ ০২:৫৪:৫১ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
নিষিদ্ধ চীনা প্রতিষ্ঠানেও এআই চিপ রপ্তানির অনুমোদন যুক্তরাষ্ট্রের ছবি: সংগৃহীত

চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে এনভিডিয়া ও এএমডির উন্নত প্রযুক্তির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ রপ্তানির অনুমোদন দিয়েছিল যুক্তরাষ্ট্র। অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে চীনের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট এবং মার্কিন নিষেধাজ্ঞার আওতাধীন কয়েকটি প্রতিষ্ঠানও রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির প্রকাশ করা গোপন নথিতে এসব তথ্য উঠে এসেছে।


বৃহস্পতিবার প্রকাশিত নথি অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মে পর্যন্ত ছয় মাসে চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ৩৪ লাখের বেশি এআই চিপ রপ্তানির অনুমতি চেয়েছিল এনভিডিয়া ও এএমডি। এর মধ্যে ৮ লাখ ৭৯ হাজার ৮৬৮টি চিপ রপ্তানি, পুনরায় রপ্তানি কিংবা স্থানান্তরের অনুমোদন দেয় মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস)।


অনুমোদন পাওয়া চিপের মধ্যে আলিবাবার জন্য ৭৫ হাজার, টেনসেন্টের জন্য ১ লাখ ৫০ হাজার, বাইদুর জন্য ৪৩ হাজার এবং বিওয়াইডির জন্য ৪ হাজার চিপ ছিল। তবে অনুমোদন দেওয়া সব চিপ বাস্তবে চীনে পৌঁছেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।


প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির রিপাবলিকান চেয়ারম্যান ব্রায়ান মাস্ট জানান, এনভিডিয়ার লাইসেন্স আবেদনে চীনের এমন দুটি প্রতিষ্ঠানের নাম ছিল, যেগুলোকে চিপ চোরাচালানের সঙ্গে যুক্ত ভুয়া কোম্পানি হিসেবে শনাক্ত করেছিল মার্কিন কর্তৃপক্ষ। এরপরও বিআইএস প্রতিষ্ঠান দুটিকে চিপ বিক্রির অনুমোদন দেয় বলে অভিযোগ করেন তিনি।


এ ঘটনায় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও প্রযুক্তিগত আধিপত্যের অবস্থান ঝুঁকিতে পড়েছে বলে মন্তব্য করেছেন কমিটির জ্যেষ্ঠ ডেমোক্র্যাট সদস্য গ্রেগরি মিকস। তাঁর মতে, এসব অনুমোদনের সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয়েছে, তা জানার অধিকার জনগণের রয়েছে।


এদিকে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে চীনা গুপ্তচর হিসেবে চিহ্নিত এক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ প্রকাশের পর ওয়াশিংটনে উদ্বেগ আরও বেড়েছে। অভিযোগ রয়েছে, ওই নারী এনভিডিয়ার চিপ চীনে পাচারের ঘটনায় ভূমিকা রাখতে পারেন।


এ পরিস্থিতিতে বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক সিনেটের ব্যাংকিং কমিটিতে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন। আগামী মাসে কংগ্রেসে জেনসেন হুয়াংকেও রুদ্ধদ্বার বৈঠকে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে। এ ছাড়া ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল এনভিডিয়াকে সমন পাঠিয়ে চীনে চিপ বা গোপন তথ্য পাচার এবং বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগের বিষয়ে তথ্য চেয়েছেন।


এনভিডিয়া জানিয়েছে, বিআইএসের অনুমোদন নিয়েই সীমিত পরিমাণে চিপ সরবরাহ করা হয়েছিল। তবে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে চীনে এইচ২০০ চিপ পাঠানো বন্ধ করেছে। এএমডিও বলেছে, তারা যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ আইন মেনে চলে। বৃহস্পতিবার এএমডির শেয়ারের দাম ৭ দশমিক ৭ শতাংশ কমে যায়। চীনের সঙ্গে সম্পর্ক ও অর্থায়নসংক্রান্ত ঝুঁকি নিয়ে শর্ট-সেলার প্রতিষ্ঠান হান্টারব্রুকের সংশ্লিষ্ট দুটি প্রতিবেদন প্রকাশের পর এ দরপতন ঘটে।


অন্যদিকে সিএনএনের পৃথক এক অনুসন্ধানে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত অন্তত ছয়টি চীনা বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক বছরগুলোতে এনভিডিয়ার তৈরি চিপ কিনেছে। প্রায় ৩০০টি ক্রয়সংক্রান্ত নথি পর্যালোচনা করে সংবাদমাধ্যমটি জানায়, চিপ কেনা ৯০টি প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ৮০ শতাংশ বিশ্ববিদ্যালয় এবং ১৪ শতাংশ গবেষণা প্রতিষ্ঠান। কেনা চিপের তালিকায় রয়েছে এ১০০, এ৮০০, এইচ১০০, এইচ২০০ ও এইচ৮০০ মডেল।


চীনের সামরিক বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য পরিচিত ‘সেভেন সন্স অব ন্যাশনাল ডিফেন্স’ গোষ্ঠীর সদস্য হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজি গত সেপ্টেম্বরে প্রায় ৭ হাজার ডলারে একটি এ১০০ চিপ কেনে। একই সময়ে নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি প্রায় ২ লাখ ৪০ হাজার ডলারে চারটি এইচ২০০ চিপ কেনে।


গোষ্ঠীটির আরেক সদস্য বেইহাং ইউনিভার্সিটি ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে এক ডজনের বেশি এ১০০ ও এ৮০০ চিপ কেনে। প্রতিষ্ঠানটি ২০০১ সাল থেকেই যুক্তরাষ্ট্রের কালো তালিকায় রয়েছে। এ ছাড়া নিষেধাজ্ঞার আওতাধীন আরও তিনটি বিশ্ববিদ্যালয়ের চিপ কেনার তথ্যও প্রকাশ পেয়েছে।


বিশেষজ্ঞদের ধারণা, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে চীনে মজুত করা চিপ অথবা মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে এসব কেনাকাটা হয়ে থাকতে পারে। গত বছর এনভিডিয়ার তদবিরের পর যুক্তরাষ্ট্র এইচ২০০ চিপ বিক্রির ক্ষেত্রে বিশেষ অনুমোদনের সুযোগ দেয়। তবে এ১০০ চিপ রপ্তানি নিষিদ্ধ। চীনের অজ্ঞাতপরিচয় বিক্রেতাদের মাধ্যমে এসব চিপ বিশ্ববিদ্যালয়গুলোতে পৌঁছেছে বলে ক্রয়সংক্রান্ত নথিতে দেখা যায়। তবে চিপগুলো বাস্তবে সরবরাহ করা হয়েছিল কি না, তা নিশ্চিত করতে পারেনি সিএনএন।


যুক্তরাষ্ট্রের সাবেক রপ্তানি নিয়ন্ত্রণ কর্মকর্তা কেট কোরেন বলেন, ভুয়া কোম্পানি, একাধিক দেশের মধ্য দিয়ে চালান, মুদ্রা পরিবর্তন এবং জাল নথি ব্যবহার করে চিপ পাচার করা হয়। ফলে চীনে পৌঁছে যাওয়ার পর এসব চিপের বিক্রি বন্ধ করা অত্যন্ত কঠিন।


তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, জাতীয় নিরাপত্তার অজুহাতে চীনা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বৈষম্যমূলক নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করে বেইজিং।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।