সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন, ‘জয় বাংলা’ স্লোগানের অভিযোগ
ভোর ৫টার দিকে দাড়িয়াপাড়ায় অগ্নিসংযোগ, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ; ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ কমিশনার।
- আপলোড সময় : ২০-১১-২০২৬ ০২:৪৩:০৭ অপরাহ্ন
- আপডেট সময় : ২০-১১-২০২৬ ০২:৪৩:০৭ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪২ বার পঠিত
ছবি: সংগৃহীত
সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনের গেটে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) ভোরে একদল দুর্বৃত্ত এ ঘটনা ঘটায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ সময় হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দেয় বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্র জানায়, ভোর ৫টার দিকে দুর্বৃত্তরা প্রতিমন্ত্রীর বাসার সামনের গেটে আগুন দেয়। ঘটনার সময় বাসার ভেতরে তাঁর বাবা-মা অবস্থান করছিলেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
অগ্নিসংযোগের সময় হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দেয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত থাকতে পারেন বলে প্রাথমিকভাবে অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে শুক্রবার দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটে আসার কথা রয়েছে। তাঁর সফরের আগে বাসার সামনে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।
ঘটনার খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে বলে জানা গেছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।