কৃষকদল নেতা হত্যার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রাজু মোল্লা হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে জেলা কৃষকদলের কর্মসূচি
- আপলোড সময় : ২০-১১-২০২৬ ১২:০৯:২১ অপরাহ্ন
- আপডেট সময় : ২০-১১-২০২৬ ১২:০৯:২১ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৫১ বার পঠিত
প্রতিনিধি
জামালপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী হত্যা, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা হত্যার বিচারের দাবিতে জামালপুরে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা কৃষকদল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে জামালপুর শহরের তমালতলা থেকে জেলা কৃষকদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত হয় প্রতিবাদ সমাবেশ।
জেলা কৃষকদলের আহ্বায়ক মাজেদুল ইসলাম সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লোকমান আহমেদ খান লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ এবং জামালপুর জেলা কৃষকদলের সদস্যসচিব গাউসুল আজম শাহীনসহ বিএনপি ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে তাঁরা ঐক্যবদ্ধভাবে রাজপথে রয়েছেন। কোনো ধরনের ষড়যন্ত্র ও সহিংস কর্মকাণ্ডকে তাঁরা প্রশ্রয় দেবেন না। দেশের মানুষের নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে নির্মমভাবে হত্যার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানান। রাজনৈতিক পরিচয় কিংবা ভিন্নমতের কারণে কোনো ব্যক্তির ওপর হামলা ও হত্যাকাণ্ড গ্রহণযোগ্য হতে পারে না বলেও তাঁরা উল্লেখ করেন।
সমাবেশ থেকে বক্তারা আওয়ামী লীগের সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি যেকোনো অপতৎপরতা মোকাবিলায় রাজপথে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জেলা, শহর ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং কৃষকদলের নেতাকর্মীদের উপস্থিতিতে কর্মসূচি পালন করা হয়।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।