গাজায় নতুন সামরিক অভিযান ইসরাইলের, প্রাণভয়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা
নুসেইরাত শরণার্থী শিবিরের আশপাশে অভিযান, বিমান হামলায় নিহত ও আহতের খবর
- আপলোড সময় : ১৮-১১-২০২৬ ১০:৪৪:০৮ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-১১-২০২৬ ১০:৪৪:০৮ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৫৮ বার পঠিত
ছবি—সংগৃহীত
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আশপাশে নতুন করে সামরিক অভিযান শুরু করেছে ইসরাইল। প্রাণ বাঁচাতে শরণার্থী শিবিরের উত্তরাঞ্চল ও অভিযানকবলিত এলাকা ছেড়ে পালাচ্ছেন বহু ফিলিস্তিনি পরিবার। ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর মধ্য গাজায় প্রথমবারের মতো বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী।
আল জাজিরার গাজার সংবাদদাতারা জানান, বুধবার (১৮ নভেম্বর) নুসেইরাত শরণার্থী শিবিরের পূর্বে সালাহ আল-দিন সড়কের কাছে ইসরাইলি ট্যাংকের অবস্থান দেখা গেছে। এ সময় ড্রোন থেকে গুলিবর্ষণ ও গোলাবর্ষণের ঘটনা ঘটে।
আল-আওদা হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন, নুসেইরাত শরণার্থী শিবিরের উত্তরে আল-মুঘরাকা শহরে ইসরাইলি বিমান হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
বুধবার ইসরাইলি সেনাবাহিনী জানায়, ‘ইয়েলো লাইন’ এলাকায় তাদের সেনাদের জন্য তৈরি হওয়া হুমকি নির্মূল করতেই এ অভিযান চালানো হচ্ছে। ২০২৫ সালের অক্টোবরে ঘোষিত গাজা যুদ্ধবিরতির আওতায় ইসরাইলি নিয়ন্ত্রিত এলাকা চিহ্নিত করতে এই ‘ইয়েলো লাইন’ নির্ধারণ করা হয়।
এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, গাজায় তাৎক্ষণিক কোনো হুমকি নির্মূল করতে প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় অভিযান ও সামরিক তৎপরতা চালানোর স্বাধীনতা তাদের রয়েছে।
নতুন অভিযানের ঘোষণা দেওয়ার আগেই গাজায় ইসরাইলি ড্রোন হামলায় অন্তত দুই ফিলিস্তিনি নিহত হন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে সাতজনের মৃত্যুর খবর নথিভুক্ত করা হয়েছে। এ সময় আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৫ জন। নিহতদের মধ্যে ছয়জন ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন। বাকি একজন আগের হামলায় আহত হয়ে পরে মারা যান।
এদিকে গাজায় ইসরাইলের নতুন সামরিক অভিযানকে যুদ্ধবিরতি চুক্তির ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জোরপূর্বক বাসিন্দাদের সরিয়ে নেওয়ার হুমকি ও বেসামরিক মানুষকে বাস্তুচ্যুত করাকে যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে সংগঠনটি।
এক বিবৃতিতে হামাস অভিযোগ করে, ইসরাইল পরিকল্পিতভাবে গাজার বেসামরিক মানুষকে ক্রমেই সংকুচিত একটি এলাকায় ঠেলে দিচ্ছে। এতে উপত্যকাটিতে মানবিক বিপর্যয় আরও ভয়াবহ হয়ে উঠছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।