পাকিস্তানে ১৫ প্রদেশ গঠনের পরিকল্পনা, বদলাবে মানচিত্র?
আসিম মুনিরের ঘনিষ্ঠ স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্যোগে নতুন প্রদেশ গঠনের আলোচনা, সংবিধান সংশোধন ও রাজনৈতিক ঐকমত্যই বড় চ্যালেঞ্জ
- আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৩:১২:৩০ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৩:১২:৩০ অপরাহ্ন
- ৬ মিনিট পড়ার সময়
- ৬০ বার পঠিত
ছবি: সংগৃহীত
নতুন বছরের শুরুতেই পাকিস্তানের প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। দেশটির বিদ্যমান চারটি প্রদেশ ভেঙে ১২ থেকে ১৫টি নতুন প্রদেশ গঠনের প্রস্তাব নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা জোরালো হয়েছে। নতুন বছরের শুরুতে নতুন ব্যবস্থা চালুর সম্ভাবনার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বা রাজনৈতিক ঐকমত্য তৈরি হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
চলতি সপ্তাহে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে খাজা আসিফ বলেন, তাঁর ব্যক্তিগত ধারণা অনুযায়ী, নতুন বছরের শুরুতেই নতুন ব্যবস্থা চালু হতে পারে। তবে এ বিষয়ে সরকারের অভ্যন্তরীণ কোনো তথ্য তাঁর কাছে নেই বলেও স্পষ্ট করেন পাকিস্তানের ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) এই জ্যেষ্ঠ নেতা।
নতুন প্রদেশ গঠনের বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। গত ৩০ জুলাই ইসলামাবাদের এক অর্থনৈতিক সম্মেলনে তিনি বলেন, কার্যকর শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় পাকিস্তানে ছোট ছোট প্রশাসনিক ইউনিট গঠন করা প্রয়োজন। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নকভির মতে, প্রশাসনিক ক্ষমতা বিকেন্দ্রীকরণ এবং নতুন নেতৃত্ব তৈরি ছাড়া শাসনব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনা কঠিন।
পরিকল্পনামন্ত্রী আহসান ইকবালও ঐকমত্যের ভিত্তিতে দেশে ১২ থেকে ১৫টি প্রদেশ গঠনের প্রস্তাব দিয়েছেন। বর্তমানে পাকিস্তানে পাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান—এই চারটি প্রদেশ রয়েছে। প্রায় ২৫ কোটি জনসংখ্যার দেশে এত বড় চারটি প্রদেশের মাধ্যমে কার্যকরভাবে নাগরিক সেবা নিশ্চিত করা কঠিন বলে মনে করেন নতুন প্রদেশ গঠনের সমর্থকেরা।
২০১০ সালে সংবিধান সংশোধনের মাধ্যমে প্রাদেশিক পর্যায়ে ক্ষমতা ও সম্পদ বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সমালোচকদের অভিযোগ, বাস্তবে ক্ষমতা ও সম্পদের বড় অংশ প্রাদেশিক মুখ্যমন্ত্রীদের কার্যালয়েই কেন্দ্রীভূত রয়েছে।
সিন্ধুর দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তানের (এমকিউএম-পি) নেতা ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মুস্তফা কামালও ছোট প্রশাসনিক ইউনিট গঠনের পক্ষে মত দিয়েছেন। তবে তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভায় এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। নতুন প্রদেশের সংখ্যা কত হবে, সে বিষয়েও নিশ্চিত নন তিনি।
নতুন প্রদেশ গঠনের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে সাংবিধানিক জটিলতা। পাকিস্তানের সংবিধানে বর্তমানে চারটি প্রদেশের স্বীকৃতি থাকলেও নতুন প্রদেশ তৈরির জন্য আলাদা কোনো প্রক্রিয়া নেই। এ ক্ষেত্রে সংবিধানের ২৩৯ অনুচ্ছেদ অনুযায়ী সংশোধনী আনতে হবে। এজন্য পার্লামেন্টের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন।
৩৩৬ সদস্যের জাতীয় পরিষদে অন্তত ২২৪ জন এবং ৯৬ সদস্যের সিনেটে অন্তত ৬৪ জনের সমর্থন পেতে হবে। কোনো প্রদেশের সীমানা পরিবর্তন করতে হলে সংশ্লিষ্ট প্রাদেশিক পরিষদেরও দুই-তৃতীয়াংশ সদস্যের অনুমোদন প্রয়োজন। উদাহরণ হিসেবে, পাঞ্জাব ভাগ করতে হলে ৩৭১ সদস্যের প্রাদেশিক পরিষদে অন্তত ২৪৮ জন এবং সিন্ধু ভাগ করতে হলে ১৬৮ সদস্যের পরিষদে অন্তত ১১২ জনের সমর্থন লাগবে।
করাচিভিত্তিক সংবিধান বিশেষজ্ঞ আইনজীবী আবদুল মঈজ জাফেরির মতে, সংবিধানে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ ছাড়া অন্য কোনো উপায়ে নতুন প্রদেশ গঠন সম্ভব নয়।
এর আগেও পাকিস্তানে নতুন প্রদেশ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। ২০১২ সালে দক্ষিণ পাঞ্জাব নামে নতুন প্রদেশ গঠন এবং বাহাওয়ালপুর প্রদেশ পুনঃপ্রতিষ্ঠার দাবিতে পাঞ্জাব প্রাদেশিক পরিষদে দুটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হয়। পরের বছর মার্চে বাহাওয়ালপুর-জানুবি পাঞ্জাব নামে নতুন প্রদেশ গঠনের একটি সংবিধান সংশোধনী বিল সিনেটেও পাস হয়েছিল। তবে জাতীয় পরিষদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বিলটি আর চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি।
নতুন প্রদেশ গঠনের বিষয়ে জনগণের মতামত জানতে গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। সম্প্রতি লাহোরে সাংবাদিকদের তিনি বলেন, জনগণ নতুন প্রদেশ গঠনের বিপক্ষে থাকলে সরকার সেই সিদ্ধান্ত মেনে নেবে। আর সমর্থন পাওয়া গেলে প্রদেশ গঠনের উদ্যোগ নেওয়া হবে।
পাকিস্তানের সংবিধানের ৪৮(৬) অনুচ্ছেদ অনুযায়ী, প্রধানমন্ত্রী জাতীয় গুরুত্বপূর্ণ কোনো বিষয় পার্লামেন্টের যৌথ অধিবেশনে উত্থাপন করতে পারেন। যৌথ অধিবেশনের অনুমোদনের পর বিষয়টি গণভোটে পাঠানোর সুযোগ রয়েছে। তবে আইন বিশেষজ্ঞদের মতে, গণভোটের ফলাফল সরকারের জন্য বাধ্যতামূলক নয় এবং এর মাধ্যমে সংবিধান সংশোধনের নির্ধারিত প্রক্রিয়া এড়িয়ে যাওয়া সম্ভব নয়।
পাকিস্তানে এর আগে তিনবার গণভোট অনুষ্ঠিত হয়েছে। ১৯৬০ সালে আইয়ুব খান, ১৯৮৪ সালে জিয়াউল হক এবং ২০০২ সালে পারভেজ মোশাররফ নিজেদের ক্ষমতা ও রাজনৈতিক অবস্থান সুসংহত করতে গণভোট আয়োজন করেছিলেন।
নতুন প্রদেশ গঠনের আরেকটি বড় চ্যালেঞ্জ হলো অর্থনৈতিক ব্যয়। বর্তমানে পাকিস্তানের কেন্দ্রীয় কর রাজস্বের ৫৭ দশমিক ৫ শতাংশ প্রদেশগুলোর মধ্যে বণ্টন করা হয়। চলতি অর্থবছরে এই বরাদ্দের পরিমাণ ৮ লাখ ৬৪ হাজার কোটি রুপি বা ৩ হাজার ১২০ কোটি ডলার। এর মধ্যে পাঞ্জাব পায় ৫১ দশমিক ৭৪ শতাংশ, সিন্ধু ২৪ দশমিক ৫৫ শতাংশ, খাইবার পাখতুনখাওয়া ১৪ দশমিক ৬২ শতাংশ এবং বেলুচিস্তান ৯ দশমিক ০৯ শতাংশ।
তবে কোনো প্রদেশ বিভক্ত হলে বিদ্যমান বরাদ্দ নতুন প্রদেশগুলোর মধ্যে কীভাবে ভাগ হবে, সে বিষয়ে সংবিধানে স্পষ্ট নির্দেশনা নেই।
ইসলামাবাদভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব মার্কেট ইকোনমি (প্রাইম) গত অক্টোবরে এক গবেষণায় জানিয়েছে, পাঞ্জাবকে তিনটি প্রদেশে ভাগ করতে বছরে অতিরিক্ত ৪ হাজার ৬৯০ কোটি থেকে ৫ হাজার ৬২০ কোটি রুপি ব্যয় হতে পারে। ডলারে যার পরিমাণ ১৬ কোটি ৯০ লাখ থেকে ২০ কোটি ৩০ লাখ।
অন্যদিকে, পাকিস্তানের ৩০টি প্রশাসনিক বিভাগকে প্রদেশে রূপান্তর করা হলে বছরে অতিরিক্ত ব্যয় হতে পারে ৬ লাখ ৯ হাজার ২০০ কোটি থেকে ৭ লাখ ৩০ হাজার ৩০০ কোটি রুপি। ডলারে যার পরিমাণ ২২০ কোটি থেকে ২৬৪ কোটি।
এ হিসাবের মধ্যে নতুন প্রদেশগুলোর প্রাথমিক অবকাঠামো, পুলিশ বাহিনী ও পূর্ণাঙ্গ সচিবালয় প্রতিষ্ঠার এককালীন ব্যয় অন্তর্ভুক্ত করা হয়নি। শুধু পাঞ্জাবকে ভাগ করলেও সিনেটে প্রতিটি প্রদেশের সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করতে উচ্চকক্ষের আসনসংখ্যা ৯৬ থেকে বেড়ে ১৪২ হতে পারে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।
পানিবণ্টন নিয়েও নতুন জটিলতার আশঙ্কা রয়েছে। ১৯৯১ সালের পানি বণ্টন চুক্তির মাধ্যমে সিন্ধু নদব্যবস্থার পানি চারটি প্রদেশের মধ্যে ভাগ করা হয়। নতুন প্রদেশ গঠিত হলে পানি ও অন্যান্য সম্পদ কীভাবে বণ্টন করা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো পরিকল্পনা প্রকাশ করা হয়নি।
সিন্ধুর স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ নাসির হুসাইন শাহ নতুন প্রদেশ গঠনের বিরোধিতা করে বলেছেন, অতিরিক্ত প্রাদেশিক পরিষদ, সচিবালয়, মুখ্যমন্ত্রী ও গভর্নরের বাসভবন এবং আদালত প্রতিষ্ঠার ব্যয় বহন করার সক্ষমতা পাকিস্তানের অর্থনীতির নেই। রাজনৈতিক বিশ্লেষক মাজিদ নিজামিও নতুন প্রদেশগুলোর অর্থনৈতিক কাঠামো ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন।
নতুন প্রদেশ গঠনের পরিকল্পনা নিয়ে ক্ষমতাসীন জোটের মধ্যেও মতবিরোধ রয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রধান জোটসঙ্গী পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) সিন্ধু প্রদেশ বিভক্ত করার বিরোধিতা করছে। গত সেপ্টেম্বরে সিন্ধু প্রাদেশিক পরিষদও প্রদেশটি ভাগের বিপক্ষে একটি প্রস্তাব পাস করে।
পিপিপির কো-চেয়ারম্যান ও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও সিন্ধু বিভক্তির বিরোধিতায় দলের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
তবে এমকিউএম-পি নেতা ও সাবেক করাচির মেয়র মুস্তফা কামাল করাচিকে পৃথক প্রশাসনিক ইউনিট হিসেবে গড়ে তোলার পক্ষে। তাঁর মতে, পাকিস্তানের সবচেয়ে বড় শহর করাচির নিজস্ব প্রাদেশিক সরকার থাকা প্রয়োজন। শহরটি এমকিউএম-পির প্রধান রাজনৈতিক ঘাঁটি।
অন্যদিকে, পিএমএল-এন এখনো নতুন প্রদেশ গঠনের বিষয়ে আনুষ্ঠানিক নীতিগত অবস্থান ঘোষণা করেনি। বিষয়টি পার্লামেন্টে উত্থাপিত হলে দলটি তাদের অবস্থান জানাবে বলে জানিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিও বলেছেন, জোটসঙ্গীদের সম্মতি ছাড়া নতুন প্রদেশ গঠনের কোনো উদ্যোগ নেওয়া হবে না।
নতুন বছরের আগে এ বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার চাপও বাড়ছে। আগামী বছরের শুরুতে সিনেট নির্বাচন এবং জুনে কেন্দ্রীয় বাজেট ঘোষণার আগে নতুন প্রদেশ গঠনের বিষয়ে অগ্রগতি চান এমকিউএম-পি নেতা মুস্তফা কামাল।
তবে নতুন প্রদেশের সংখ্যা, সীমানা, অর্থনৈতিক কাঠামো, পানি ও সম্পদ বণ্টন এবং প্রয়োজনীয় সাংবিধানিক সংশোধনীর বিষয়ে এখনো চূড়ান্ত কোনো রূপরেখা নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্যও স্পষ্ট। ফলে নতুন বছরের শুরুতেই পাকিস্তানের প্রশাসনিক মানচিত্র বদলে যাবে কি না, তা নির্ভর করছে রাজনৈতিক ঐকমত্য ও সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ওপর।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।