ডান চোখে ইনজেকশন থেরাপি নিলেন ইমরান খান, শারীরিক অবস্থা স্থিতিশীল
- আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০৯:৪৩:৪৯ অপরাহ্ন
- আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০৯:৪৬:৪৬ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৫৯ বার পঠিত
ছবি সংগৃহীত
পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)–এর প্রতিষ্ঠাতা ইমরান খান ডান চোখের চিকিৎসা পেয়েছেন। তাকে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) হাসপাতালে নিয়ে গিয়ে অ্যান্টি-ভিইজিএফ ইন্ট্রাভিট্রিয়াল ইনজেকশনের দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন
ডনের বরাতে জানা গেছে, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। হাসপাতালের এক চিকিৎসক জানান, ইনজেকশন দেওয়ার আগে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি বোর্ড ইমরান খানকে পরীক্ষা করেন। বোর্ডে একজন হৃদরোগ বিশেষজ্ঞও ছিলেন। এ সময় তার ইকোকার্ডিওগ্রাফি ও ইসিজি করা হয় এবং পরীক্ষার ফল স্বাভাবিক আসে।
চিকিৎসা শেষে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পুরো প্রক্রিয়া চলাকালীন ও পরবর্তী সময়েও তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। প্রয়োজনীয় নির্দেশনা, ফলো-আপ পরামর্শ ও নথিপত্র প্রদান করে তাকে হাসপাতাল থেকে ছাড় দেওয়া হয়।
এর আগে ১১ ফেব্রুয়ারি পাকিস্তানের সুপ্রিম কোর্টে তার আইনজীবীর দাখিল করা এক মেডিকেল প্রতিবেদনে বলা হয়, ইমরান খান ডান চোখের প্রায় ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, রক্ত জমাট বাঁধা–সংক্রান্ত জটিলতায় ভোগার কারণে তার চোখের অবস্থা অবনতি ঘটে।
পিটিআইয়ের আইনজীবী সালমান সফদারের উপস্থাপিত সাত পৃষ্ঠার প্রতিবেদনে আরও বলা হয়, কয়েক মাস আগেও তার উভয় চোখে স্বাভাবিক ৬/৬ দৃষ্টি ছিল। তবে ধীরে ধীরে ঝাপসা দেখার সমস্যা শুরু হয়, যা তিনি কারা কর্তৃপক্ষকে অবহিত করেছিলেন। অভিযোগ রয়েছে, প্রাথমিক পর্যায়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি।
এদিকে পিটিআই সূত্র দাবি করেছে, ইমরান খানের ডান চোখে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন (সিআরভিও) শনাক্ত হয়েছে। এ ধরনের সমস্যায় সময়মতো চিকিৎসা না হলে স্থায়ী দৃষ্টিহানি হতে পারে বলে চিকিৎসাবিজ্ঞানে উল্লেখ রয়েছে।
উল্লেখ্য, ইমরান খান একাধিক মামলায় অভিযুক্ত হয়ে ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী। গত ডিসেম্বরে পাকিস্তান সরকার জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে তার সঙ্গে কারাগারে সাক্ষাৎ সীমিত করে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।