ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিহত ৪০ জন অভিবাসনপ্রত্যাশী
- আপলোড সময় : ২৩-১০-২০২৫ ১০:৫৯:৩৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৩-১০-২০২৫ ১১:০৫:১৪ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫৪ বার পঠিত
ছবি সংগৃহীত
উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ৪০ জন প্রাণ হারিয়েছেন।
বুধবার (২২ অক্টোবর) ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় নৌকাটি ডুবে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর—রয়টার্স।
স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে জানানো হয়েছে, সাব-সাহারা আফ্রিকার বিভিন্ন দেশের অন্তত ৭০ জন যাত্রী নিয়ে নৌকাটি তিউনিসিয়ার মাহদিয়া উপকূলের কাছাকাছি ডুবে যায়। এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, নিখোঁজ রয়েছেন অনেকে।
কর্তৃপক্ষের মতে, এ দুর্ঘটনাটি চলতি বছরের অন্যতম ভয়াবহ নৌকাডুবি। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
তিউনিসিয়া এখন ইউরোপগামী অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট দেশ হিসেবে পরিচিত। যুদ্ধ, দারিদ্র্য ও অনিশ্চিত ভবিষ্যৎ থেকে পালিয়ে ভালো জীবনের খোঁজে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন হাজারো মানুষ। তিউনিসিয়া থেকে ইতালির লাম্পেদুসা দ্বীপের দূরত্ব মাত্র ১৫০ কিলোমিটার। ইউরোপে প্রবেশের প্রথম ধাপ হিসেবে এ পথটিই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
মানবাধিকার সস্থা তিউনিশীয় ফোরাম ফর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রাইটস (FTDES) জানিয়েছে, শুধু ২০২৪ সালেই তিউনিসিয়ার উপকূল থেকে রেকর্ডসংখ্যক অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়েছেন। সেই বছরেই সমুদ্রপথে দুর্ঘটনায় ৬০০ থেকে ৭০০ জন নিহত বা নিখোঁজ হন। আর ২০২৩ সালে প্রাণ হারান ১,৩০০ জনেরও বেশি অভিবাসী।
প্রতি বছর হাজারো মানুষ উত্তাল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন। তবে বৈরী আবহাওয়া ও অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকা এসব দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।