জামিয়া আশরাফিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ধোঁয়ায় অসুস্থ ৭৭ শিক্ষার্থী, আইসিইউতে ৪ জন
নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় গভীর রাতে অগ্নিকাণ্ডে কোটি টাকার দুর্লভ কিতাবপত্র ভস্মীভূত, আহতদের দেখতে ও খোঁজখবর নিতে আল-হাইআতুল উলয়ার গভীর উদ্বেগ ও তদন্তের দাবি
- আপলোড সময় : ১০-১১-২০২৬ ১০:২৭:৪৬ অপরাহ্ন
- আপডেট সময় : ১০-১১-২০২৬ ১০:২৭:৪৬ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ১২ বার পঠিত
ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড-সংলগ্ন শান্তিধারায় অবস্থিত 'জামিয়া আশরাফিয়া' মাদরাসায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে মাদরাসাটির লাইব্রেরিতে থাকা কোটি টাকার দুর্লভ কিতাবপত্র ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
এ ঘটনায় ধোঁয়ায় মারাত্মক অসুস্থ হয়ে অন্তত ৭৭ জন শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, যাদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ও লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে মাদরাসা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরি কক্ষে হঠাৎ আগুন লাগে। সে সময় লাইব্রেরিতে বাইরে থেকে তালা লাগানো ছিল এবং ভেতের কোনো শিক্ষার্থী বা শিক্ষক ছিলেন না। তবে মুহূর্তের মধ্যেই আগুন লাইব্রেরি ঘর থেকে চারপাশে দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো ভবন ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। গভীর রাতে ঘুমে থাকা শিক্ষার্থীরা ধোঁয়ায় শ্বাসকষ্টে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। মাদরাসায় একাধিক সিঁড়ি থাকায় অধিকাংশ শিক্ষার্থী দ্রুত ভবন থেকে বের হতে পারলেও অনেকেই ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, ভর্তি ও চিকিৎসাধীন শিক্ষার্থীদের কারোর শরীরে দগ্ধ হওয়ার সরাসরি চিহ্ন না থাকলেও, মূলত আগুনের তীব্র ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত জটিলতার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন।
মাদরাসার শাইখুল হাদিস মাওলানা মুজিবুর রহমানের সুপুত্র ওসামা জানান, লাইব্রেরি কক্ষটি তালাবদ্ধ থাকায় ঠিক কীভাবে আগুনের সূত্রপাত হলো এবং তা ছড়িয়ে পড়ল—তা এখনো স্পষ্ট নয়। ঘটনার পেছনে কোনো ধরনের ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার জোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আল-হাইআতুল উলয়ার গভীর উদ্বেগ ও তদন্তের দাবি:
এদিকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন আল-হাইআতুল উলয়া লিল-জামি'আতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান সহ শীর্ষ ওলামায়ে কেরাম।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আল-হাইআতুল উলয়ার কার্যালয় ব্যবস্থাপক মু. অছিউর রহমান জানান, হাইআতুল উলয়ার শীর্ষ নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কওমি মাদরাসাটির সার্বিক বিষয়ে খোঁজখবর রাখছেন। উদ্ধার তৎপরতায় অংশ নেওয়া শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস কর্মীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া প্রার্থনা করেছেন।
একই সঙ্গে আল-হাইআতুল উলয়ার পক্ষ থেকে আহত শিক্ষার্থীদের সর্বোচ্চ ও নিখরচায় মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। পাশাপাশি অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে দ্রুত ও সুষ্ঠু তদন্তের অনুরোধ জানানো হয়েছে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে দেশের সকল কওমি মাদরাসাকে তাদের বৈদুতিক লাইন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও জরুরি বহির্গমন পথগুলো অবিলম্বে পরীক্ষা করে দেখার আহ্বান জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ ।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।