শরীয়তপুরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রোপা আমনের আবাদ
১৭ হাজার ৫১২ হেক্টর জমিতে চাষ, উৎপাদন লক্ষ্যমাত্রা ৫১ হাজার ৮২০ টন
- আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৯:৫৪:৪৪ অপরাহ্ন
- আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৯:৫৪:৪৪ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৪ বার পঠিত
সংগৃহীত ছবি
অনুকূল আবহাওয়া, উর্বর পলিমাটি এবং কৃষকদের যথাযথ পরিচর্যায় চলতি মৌসুমে শরীয়তপুরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকায় ধান কাটা শুরু হয়েছে। ভালো ফলনে স্বস্তি ফিরেছে কৃষকদের মধ্যে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর শরীয়তপুরে ১৭ হাজার ১৩৫ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে আবাদ হয়েছে ১৭ হাজার ৫১২ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩৭৭ হেক্টর বেশি।
উপজেলাভিত্তিক হিসাবে শরীয়তপুর সদরে ১ হাজার ১৬৮ হেক্টর, নড়িয়ায় ৫৫৫ হেক্টর, জাজিরায় ৩ হাজার ৬৩৮ হেক্টর, ডামুড্যায় ২ হাজার ৫১ হেক্টর, ভেদরগঞ্জে ৫ হাজার ৫৬২ হেক্টর এবং গোসাইরহাটে ৪ হাজার ৫২৮ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে।
ইতোমধ্যে ১ হাজার ৯২৬ হেক্টর জমির ধান কাটা হয়েছে। এ মৌসুমে জেলায় মোট ৫১ হাজার ৮২০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নবান্ন সামনে রেখে জেলার বিভিন্ন উপজেলার মাঠে মাঠে ধান কাটা ও মাড়াইয়ের কাজ চলছে।
সরেজমিনে বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে, বিস্তীর্ণ মাঠজুড়ে পাকা ধানের সোনালি শীষ দোল খাচ্ছে। কোথাও ধান কাটা ও মাড়াই চলছে, আবার কোথাও কৃষকেরা নতুন ধান ঘরে তুলছেন। এ বছর ধানগাছের বৃদ্ধি, শীষের আকার ও দানার পরিপুষ্টতা ভালো হওয়ায় কৃষকদের মধ্যে সন্তোষ দেখা গেছে।
ভেদরগঞ্জ উপজেলার বালার বাজার মৃধাকান্দি এলাকার কৃষক মোজারোল মিয়া বাসসকে বলেন, অনুকূল আবহাওয়ার কারণে এবার রোপা আমনের ফলন প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে। তবে সার, ওষুধ ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে। ভালো ফলন হওয়ায় সেই খরচ পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলে তিনি আশা করছেন।
জাজিরা উপজেলার মীরবহর কান্দি এলাকার কৃষক ছোবহান শরীফ জানান, অনুকূল আবহাওয়া, সময়মতো চারা রোপণ, সুষম সার প্রয়োগ এবং নিয়মিত পরিচর্যার কারণে ফলন ভালো হয়েছে। তবে উৎপাদন খরচ ও শ্রমিকের মজুরি নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে। ধানের দাম আরেকটু বাড়লে এসব ব্যয় পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলে মনে করেন তিনি।
শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জাহিদুল আলম বলেন, জেলার মাটি ও আবহাওয়া রোপা আমন চাষের জন্য উপযোগী। অনুকূল আবহাওয়া, কৃষকদের সহায়তা এবং কৃষি বিভাগের নিয়মিত তদারকির কারণে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আবাদ হয়েছে। ফলে উৎপাদনও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন তাঁরা।
কৃষকদের প্রত্যাশা, উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে এ মৌসুমে তাঁরা আর্থিকভাবে লাভবান হবেন। সংশ্লিষ্টদের মতে, শরীয়তপুরে আমনের ভালো ফলন জেলার কৃষি অর্থনীতি ও খাদ্যনিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।