লেবু-পানি কিডনির জন্য কতটা ভালো? অতিরিক্ত পানে যেসব ঝুঁকি
কিডনিতে পাথর প্রতিরোধে সহায়ক হতে পারে লেবু-পানি, তবে কিডনি রোগীদের জন্য রয়েছে বিশেষ সতর্কতা।
- আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৪:৪৩:১৬ অপরাহ্ন
- আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৪:৪৩:১৬ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৪৪ বার পঠিত
ছবি সংগৃহিত
সকালে লেবু-পানি পান করার অভ্যাস অনেকেরই রয়েছে। কেউ ওজন কমাতে, আবার কেউ শরীর সুস্থ রাখতে নিয়মিত এই পানীয় পান করেন। তবে কিডনির স্বাস্থ্যের জন্য লেবু-পানি কতটা উপকারী এবং কারা এটি পান করলে ঝুঁকিতে পড়তে পারেন, তা জানা জরুরি।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিমিত পরিমাণে লেবু-পানি পান কিডনির স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করতে পারে। বিশেষ করে লেবুতে থাকা সাইট্রেট কিডনিতে ক্যালসিয়াম অক্সালেট পাথর তৈরির ঝুঁকি কমাতে ভূমিকা রাখে। পাশাপাশি পর্যাপ্ত তরল গ্রহণ শরীরের পানির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
ভারতের নভি মুম্বাইয়ের মেডিকভার হাসপাতালের ডায়েটেটিক্স বিভাগের প্রধান ডা. রাজেশ্বরী পান্ডা জানান, লেবু ভিটামিন সি-এর ভালো উৎস। সুস্থ ব্যক্তিরা পরিমিত পরিমাণে লেবু-পানি পান করলে তা কিডনির স্বাস্থ্যের জন্য সহায়ক হতে পারে।
তবে কিডনি রোগীদের ক্ষেত্রে লেবু-পানি পান করার আগে সতর্কতা প্রয়োজন। হাসপাতালটির সিনিয়র কনসালট্যান্ট নেফ্রোলজিস্ট ডা. অমিত নাগরিক জানান, কিডনি রোগের জটিল পর্যায়ে থাকা ব্যক্তিদের দৈনিক তরল গ্রহণের পরিমাণ সীমিত রাখতে হতে পারে। এ ছাড়া কিডনির কার্যক্ষমতা কমে গেলে রক্তে পটাশিয়ামের ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। তাই এ ধরনের রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পানীয় গ্রহণ করা উচিত।
অন্যদিকে, অতিরিক্ত লেবু-পানি পান করলে অ্যাসিড রিফ্লাক্স, বুকজ্বালা ও পাকস্থলীতে অস্বস্তি দেখা দিতে পারে। লেবুর সাইট্রিক অ্যাসিড দাঁতের এনামেল ক্ষয়ের কারণও হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, লেবু-পানি কিডনি রোগের কোনো চিকিৎসা বা অলৌকিক প্রতিকার নয়। বরং এটি সুষম খাদ্যাভ্যাসের একটি অংশ হতে পারে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণা দেখে নিয়মিত লেবু-পানির অভ্যাস গড়ে না তুলে নিজের শারীরিক অবস্থা অনুযায়ী চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।