বিনামূল্যে ২ লাখ টাকার আইটি প্রশিক্ষণ, আবেদন ১৫ ডিসেম্বর পর্যন্ত
আইএসডিবি-বিআইএসইডব্লিউর ৭৫তম রাউন্ডে স্নাতক ও ডিপ্লোমাধারীদের প্রশিক্ষণের সুযোগ
- আপলোড সময় : ০৬-১১-২০২৬ ০৩:১৭:৫৩ অপরাহ্ন
- আপডেট সময় : ০৬-১১-২০২৬ ০৩:১৯:১৬ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩৩ বার পঠিত
ছবি: সংগৃহীত
স্নাতক ও ডিপ্লোমাধারীদের জন্য আইএসডিবি-বিআইএসইডব্লিউর ৭৫তম রাউন্ডে আবেদন শুরু, সুযোগ পাবেন সর্বোচ্চ ৩০ বছর বয়সীরা।
তথ্যপ্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী তরুণদের জন্য বিনা খরচে প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ)। প্রতিষ্ঠানটির আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৭৫তম রাউন্ডে ভর্তির আবেদন নেওয়া হচ্ছে। এ কর্মসূচিতে নির্বাচিত প্রার্থীরা প্রায় ২ লাখ টাকা বাজারমূল্যের প্রশিক্ষণ পাবেন বিনামূল্যে। প্রশিক্ষণ শেষে সফল শিক্ষার্থীদের চাকরি পেতেও সহায়তা করবে প্রতিষ্ঠানটি।
মূলত নন-আইটি বিষয়ে পড়াশোনা করা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের প্রযুক্তি খাতে কাজের উপযোগী করে গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, এ কর্মসূচিতে প্রশিক্ষণ নেওয়া শিক্ষার্থীদের ৯২ শতাংশ দেশে ও বিদেশে কর্মরত রয়েছেন। গত ১৯ বছরে এ প্রোগ্রামের মাধ্যমে ১৮ হাজার ৯৬৩ জন আইটি পেশাজীবী তৈরি হয়েছেন। বর্তমানে তারা দেশ-বিদেশের ৩ হাজার ২৫৪টির বেশি প্রতিষ্ঠানে কাজ করছেন।
প্রশিক্ষণে যেসব সুবিধা মিলবে:
এ কর্মসূচিতে অংশ নিতে কোনো কোর্স ফি দিতে হবে না। প্রায় ২ লাখ টাকা সমমূল্যের প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। কোর্স সফলভাবে শেষ করা শিক্ষার্থীদের চাকরি খুঁজে পেতে সহায়তা করবে প্রতিষ্ঠানের প্লেসমেন্ট সেল।
আবেদনের যোগ্যতা ও শর্ত
আবেদনের শেষ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। আইটি স্কলারশিপ প্রোগ্রামের আগের কোনো রাউন্ডে কোনো কোর্সে অংশ নিয়ে থাকলে নতুন করে আবেদনের সুযোগ নেই। চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত প্রশিক্ষণগুলো শুধু ঢাকায় অনুষ্ঠিত হবে।
স্নাতক ও সমমান ডিগ্রিধারীদের জন্য কোর্সে থাকবে :
1. স্প্রিং বুট, অ্যান্ড্রয়েড ও ফ্লাটার দিয়ে ওয়েব এবং মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট।
2. লারাভেল, রিঅ্যাক্ট, ভিউ.জেএস ও ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট।
3. এএসপি.নেট, অ্যাঙ্গুলার ও রিঅ্যাক্ট দিয়ে ক্রস-প্ল্যাটফর্ম অ্যাপ তৈরি।
4. ওরাকল ডেটাবেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট।
5. নেটওয়ার্ক সলিউশন ও সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন।
6. গ্রাফিকস, অ্যানিমেশন ও ভিডিও এডিটিং।
চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য কোর্স
1. আর্কিটেকচারাল ও সিভিল ক্যাড।
2. লারাভেল ও রিঅ্যাক্ট দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট।
3. নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন।
4. গ্রাফিকস, ভিডিও এডিটিং ও মোশন গ্রাফিকস।
5. এএসপি.নেট দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট।
6. ওরাকল অ্যাপেক্স দিয়ে ক্লাউড কম্পিউটিং।
7. থ্রি-ডি ভিজুয়ালাইজেশন।
আবেদন করবেন যেভাবে:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ও নিবন্ধনের জন্য আইএসডিবি-বিআইএসইডব্লিউর নির্ধারিত পোর্টাল apply.isdb-bisew.info ভিজিট করতে হবে। প্রশিক্ষণের বিষয়, যোগ্যতা ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্যও সেখানে পাওয়া যাবে।
আবেদনের শেষ সময় ১৫ ডিসেম্বর ২০২৬। আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।